প্রেসিডেন্ট পদে বদল চেয়ে সনিয়াকে চিঠি ১০০ নেতার! কংগ্রেসে কোণঠাসা গান্ধীরাই?
ফের বিস্ফোরক দাবি বহিস্কৃত কংগ্রেস নেতা সঞ্জয় ঝায়ের। সোমবার সকালে কংগ্রেসের অভ্যন্তরের তথ্য ফাঁস করে সঞ্জয় ঝা টুইট করে জানান, বিধায়ক ও সাংদস মিলিয়ে প্রায় ১০০ জন কংগ্রেস নেতা সনিয়াকে নতুন করে কংগ্রেসের প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠিত করার জন্যে আবেদন জানান।

সঞ্জয় ঝায়ের বিস্ফোরক টুইট
এই বিষয়ে সঞ্জয় ঝা টুইট করে সোমবার লেখেন, 'অন্তত পক্ষে ১০০ জন কংগ্রেস নেতা, যাঁদের মধ্যে বিধায়ক ও সাংসদরাও রয়েছেন, সনিয়া গান্ধীকে চিঠি লিখে কংগ্রেস প্রেসিডেন্ট পদে বদল চেয়েছেন। এবং কংগ্রেসের কার্যকরী সমিতিতে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠআন করারও আবেদন জানিয়েছেন তাঁরা।'

সঞ্জয় ঝাকে কংগ্রেস পার্টি থেকে বরখাস্ত হয়
দলবিরোধী কর্মকাণ্ড এবং শৃঙ্খলাভঙ্গের কারণে বরিষ্ঠ নেতা তথা দলের প্রাক্তন মুখপাত্র সঞ্জয় ঝাকে কংগ্রেস পার্টি থেকে বরখাস্ত হন কয়েকদিন আগেই। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে বিদ্রোহের কারণে রাজস্থানের ডেপুটি সিএম পদে থেকে সরানো হয়েছিল সচিন পাইলটকে। সেদিনই এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল সঞ্জয় ঝাকেও।

গান্ধীদের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা
দল থেকে বহিষ্কৃত হওয়ার পর সঞ্জয় ঝা গান্ধীদের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করার ভঙ্গিতে বলেছিলেন, 'আমি কংগ্রেস ভাবদর্শনের অনুগত। আমি কোনও পরিবারের অনুগত নই।' এর আগেও সঞ্জয় ঝা বলেছিলেন যে তিনি নেহরুর রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন।

পাইলট বন্দনায় কোপ পড়ে সঞ্জয়ের উপর
এদিকে সচিন-গেহলট দ্বন্দ্বের মাঝে প্রবীণ কংগ্রেস নেতা সঞ্জয় ঝা বলেছিলেন, সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করা উচিত। এবং দুর্বল রাজ্যগুলিকে পুনরুদ্ধার করতে অশোক গেহলটকে সিনিয়র সাংগঠনিক ভূমিকা দেওয়াই সঠিক হবে। তারপর তিনি আরও একটি টুইট করেন। সেখানে লেখেন প্রথম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তারপর পাইলট, এরপর কে? তার প্রত্যুত্তরেই সরিয়ে দেওয়া হয় প্রবীণ নেতাকে।

কংগ্রেসে বড় ঝড়ের আশঙ্কা
এদিকে সচিন পাইলট সকল মনোমালিন্য দূরে সরিয়ে রেখে দলে ফিরে এসেছেন। তবে সেই ঘর ওয়াপসি হয়েছে অনেক শর্ত মেনে। আর এই আবহে সঞ্জয় ঝায়ের এহেন বিস্ফোরক দাবি ঘিরে কংগ্রেসের অন্দরের বিভেদ ফের একবার সামনে চলে এল।












Click it and Unblock the Notifications