Sandeshkhali: সন্দেশখালি নিয়ে দ্রৌপদীর সঙ্গে সাক্ষাতে NCW চেয়ারপার্সন, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ
Sandeshkhali: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে হোঁচট খেয়েছে রাজ্য সরকার।
এই ঘটনার তদন্তের নথি ও অভিযুক্ত শেখ শাহজাহানকেও সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। এরই মধ্যে সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি ফের উঠল।

সন্দেশখালির ঘটনা নিয়ে আজ রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এরপরই সাংবাদিকদের তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করা হয়েছে।
যদিও এমন দাবি নতুন কিছু নয়। ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্ট বা এনসিএসসিও সন্দেশখালির ঘটনার পরই বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিল। আজই কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল বারাসতে তাঁর জনসভায় সন্দেশখালির নিগৃহীতারাও থাকবেন।
মোদীর সভার আগের দিন রাষ্ট্রপতি ভবনে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের যাওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ। NCW চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, সন্দেশখালির ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলায় আগেও অনেক হিংসার ঘটনা ঘটেছে। রাজ্য সরকার কোনও ব্যবস্থা নেয়নি। এই অবস্থায় রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছি।
রেখা শর্মার আরও দাবি, রাষ্ট্রপতি তাঁকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। নজর রাখছেন। এদিকে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। বিকেল সাড়ে চারটের মধ্যে নির্দেশ কার্যকর করার কথা ছিল।
সেই মোতাবেক ভবানী ভবনে যান সিবিআইয়ের আধিকারিকরা। কিন্তু সুপ্রিম কোর্টের মামলা হয়েছে বলে জানিয়ে শাহজাহানকে হস্তান্তর করা হলো না। সুপ্রিম কোর্ট মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আর্জি যদিও খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সন্দেশখালির ঘটনায় সিট গঠনের নির্দেশ দিয়েছিল।
যদিও ইডি সিবিআই তদন্ত চেয়ে ডিভিশন বেঞ্চে যায়। মামলা রাজ্য পুলিশই তদন্ত করুক, এই আবেদন নিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। যদিও সেই সিট গঠন খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছে।












Click it and Unblock the Notifications