বিজেপিকে হঠাতে 'মিশন উত্তরপ্রদেশ'-এর সূচনা সংযুক্ত কিষাণ মোর্চার
বিজেপিকে হঠাতে 'মিশন উত্তরপ্রদেশ'-এর সূচনা সংযুক্ত কিষাণ মোর্চার
প্রায় একবছরের কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল সংযুক্ত কিষাণ মোর্চ। এবং শেষমেশ সেই আন্দোলনের কাছে নত হয়ে কৃষিবিল সরিয়ে নিয়েছে কেন্দ্র৷ এবার বিজেপিকে উত্তরপ্রদেশে ক্ষমতা থেকে সরানোর জন্য 'মিশন উত্তর প্রদেশ' শুরু করল এসকেএম। তিনটি কৃষিবিলের বিরুদ্ধে আন্দোলনকারী ইউনিয়নগুলির একটি প্ল্যাটফর্ম হল সংযুক্ত কিষান মোর্চা। এই সংগঠনের নেতারা জানিয়েছেন চলতি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সরাসরি প্রচারের জন্যই,'মিশন উত্তর প্রদেশ' চালু করেছে তাঁরা।

সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্যে ঘুরে ঘুরে কৃষকদের যোগী নেতৃত্বাধীন সরকারকে বাদ দিতে বলেছে। সোমবার গোয়া ও উত্তরাখণ্ডে ভোট হয়েছে, মণিপুরে ভোট রয়েছে ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ।পাঞ্জাবে বিধানসভা ভোট হবে ২০ ফেব্রুয়ারি। সোমবার ইউপিতে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে৷ এরই মধ্যে রাকেশ টিকাইত, যোগেন্দ্র যাদব এবং হান্নান মোল্লা সহ এসকেএম-এর নেতারা একের পর এক সাংবাদিক সম্মেলন করছেন৷ যেখানে তাঁরা অভিযোগ করেছেন যে মোদি সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কৃষকদের সাথে প্রতারণা করেছে। তাঁরা আরও বলছেন যে সাম্প্রতিক ইউনিয়ন বাজেট ব্যাপকভাবে কৃষি ভর্তুকি হ্রাস করেছে কেন্দ্র। পাশাপাশি এবারের বাজেটে কৃষক সম্প্রদায়ের জন্য কিছুই ছিল না!
এসকেএম নেতাদের আরও অভিযোগ হিজাব ইস্যু নিয়ে বিভ্রান্তি তৈরি করতে চাইছে সরকার৷ তবে আসল সমস্যাটি হিজাব নয় 'হিসাব'এর। (জবাব দেওয়ার)। কৃষক নেতা রাকেশ টিকাইত সোমবার লখনউতে একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, স্কুলছাত্রীদের হিজাব পরা নিয়ে দক্ষিণ রাজ্য কর্ণাটকে একটি বিতর্ক তৈরি হয়েছে। টিকাইত দাবি করেছেন যে ৯ ডিসেম্বর একটি লিখিত আশ্বাস সত্ত্বেও, মোদি সরকার কৃষকদের প্রতি দেওয়া তার কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি। মোদী সরকারের ওই প্রতিশ্রুতির ভিত্তিতেই এসকেএম বিভিন্ন রাজ্যে ১৩ মাসের আন্দোলন প্রত্যাহার করেছিল। টিকাইত আরও বলেছেন, যে সরকার ন্যূনতম সমর্থন মূল্যের (MSP) বিষয়ে কৃষকদের সঙ্গে পরামর্শ করা, কৃষক আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৪৬০০০ মামলা প্রত্যাহার এবং দীর্ঘ আন্দোলনের সময় নিহত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যার একটিও এখনও পূরণ হয়নি। সুতরাং, এবারে উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে হবে বলে দাবি তুলেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।












Click it and Unblock the Notifications