সুপ্রিম কোর্টের নতুন সাংবিধানিক বেঞ্চে শুনানি! ফের সমকামী বিবাহের আইনি বৈধতার বিরোধিতায় মোদী সরকার
সুপ্রিম কোর্টের নতুন সাংবিধানিক বেঞ্চের সামনে সমকামী বিয়ে নিয়ে আবেদনের শুনানি। সেই শুনানির আগে কেন্দ্রীয় সরকারের তরফে এই বিয়ের আইন বৈধতার বিরোধিতা করা হয়েছে। এর আগেও বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের তরফে বিষয়টির শুনানির জন্য নতুন সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়।
যে পাঁচ বিচারপতি সমকামী বিয়ে নিয়ে মঙ্গলবার শুনানিতে অংশ নেবেন, তাঁরা হলেন, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমা, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি হিমা কোহলি।

প্রসঙ্গত এই বছরের ১৩ মার্চ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি পিএস নরসীমার বেঞ্চ এই শুনানিকে একটি সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠায়। তারপরেই নতুন সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়।
এর আগে মার্চে সমকামী বিয়ে নিয়ে সরকার সুপ্রিম কোর্টে করা আবেদনের বিরোধিতা করে পাল্টা হলফনামা দাখিল করে। সরকারের তরফে সেখানে বলা হয়, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে আইনসভা। কেন্দ্রীয় সরকারের বলে, হিন্দু বিবাহ আইন, মুসলিম আইন, বিদেশি বিবাহ আইন, বিশেষ বিবাহ আইনে বিধানে সমকামী বিয়ের অনুমতি নেই। তাকে স্বীকৃতিও দেওয়া হয় না।
সমকামী বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। সেখানে বলা হয় , সমলিঙ্গের সম্পর্ক এবং বিষমকামী সম্পর্কগুলি স্পষ্টই আলাদা। সরকারের তরফে বলা হয় ভারতীয় পরিবার হিসেবে স্বামী, স্ত্রী এবং তাঁদের সন্তানকে বোঝায়।

সরকার সওয়াল জবাবে বলে, সমকামীদের একসঙ্গে বসবাস করা দেশের চলতি আইনে আপরাধমূলক কাজ। যদিও ২০১৮-র ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মত রায়ে বলেছিল, প্রাপ্ত বয়স্ক সমকামী বা বিষমকামীদের মধ্যে সম্মতিসূচক যৌনতা অপরাধ নয়।
সমকামী বিয়ে মৌলিক অধিকার নয়, এর সমর্থনে কেন্দ্র ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার উল্লেখ করে বলে সমকামী বিয়ে কখনই মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। মোদী সরকারের তরফে যুক্তি দিয়ে বলা হয়, একই লিঙ্গের বিয়ের ফলে বর্তমানে যে ব্যক্তিগত আইন রয়েছে, তার লঙ্ঘন করা হবে। বিয়ের শর্ত, আনুষ্ঠানিকতা ও আচারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠবে বলে সওয়ালে বলা হয়।
প্রসঙ্গত সর্বোচ্চ আদালতে অন্তত চারজন সমকামী দম্পতি বর্তমান আইনি কাঠামোকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন। যা নিয়েই আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে। যার চূড়ান্ত রূপ দিতে সাংবিধানিক বেঞ্চ গঠন করে শুনানি শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications