কংগ্রেসকে ১৭ টি আসন ছাড়ল সমাজবাদী পার্টি, উত্তরপ্রদেশে হল ইন্ডিয়া জোট
জট কাটল উত্তরপ্রদেশে। ইন্ডিয়া জোটের সমঝোতা হল। সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে গো বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যে। কংগ্রেসকে ১৭ টি আসন ছেড়ে দিচ্ছে সমাজবাদী পার্টি। বাকি আসনে লড়াই করবে অখিলেশ যাদব ও অন্যান্যরা।
আসন সমঝোতা নিয়ে ইন্ডিয়া জোটে ডামাডোল চলছে দীর্ঘদিন ধরে। পশ্চিমবঙ্গ, রাজস্থানে আসন সমঝোতা বিশবাঁও জলে। উত্তরপ্রদেশেও এই আসন সমঝোতা নিয়ে চলছিল চাপানউতোর। কোনওভাবেই সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছিল না। শেষপর্যন্ত বুধবার সিদ্ধান্তে পৌঁছানো গেল।

৮০ টি লোকসভা আসন রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। ২৭ টি আসনে কংগ্রেস এই রাজ্য থেকে লড়তে চেয়েছিল। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই আবেদনে রাজি ছিলেন না। কংগ্রেসকে তিনি এত আসন ছাড়তে রাজি হননি। ১৭ টি আসন কংগ্রেসকে ছাড়া যেতে পারে। এই বক্তব্য ছিল সমাজবাদী পার্টির। তারপরেও দর কষাকষি চলে আসন সমঝোতা নিয়ে।
শেষ পর্যন্ত ১৭ টি আসনে লড়াই করতে রাজি হয়েছে কংগ্রেস। অর্থাৎ উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট কার্যকরী হল। অখিলেশ যাদব কংগ্রেসকে উত্তরপ্রদেশে সম্পূর্ণ সহযোগিতা করবে। এই কথাও পরিষ্কার হয়ে গিয়েছে। বাকি ৬৩ টি আসনে সমাজবাদী পার্টি ও তার শরিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে উত্তরপ্রদেশে। আসন সমঝোতা না হওয়া পর্যন্ত অখিলেশ যাদব এই যাত্রায় অংশ নেবেন না। এই কথা জানানো হয়েছিল। তবে এদিন অখিলেশের সুর অনেকটাই নরম। জোটের পক্ষেই তিনি জোরালো সওয়াল করেছেন। মঙ্গলবার ৩১ টি আসনে সমাজবাদী পার্টি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল।
কিন্তু কোন কোন আসন ছাড়া হল কংগ্রেসকে? প্রাথমিকভাবে জানা যাচ্ছে আমেঠি, রায়বরেলি, বারাণসী, প্রয়াগরাজ, মহারাজগঞ্জ, সীতাপুর, অমরোহা, বুলন্দশহর, গাজিয়াবাদ, কানপুর, মথুরা, ফতেপুর সিক্রি, দেওরিয়া, ঝাঁসি আসন ছাড়া হচ্ছে।
অখিলেশ যাদব জানিয়েছেন, আর কোনও সংঘাত নেই। উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খার্গেও আসন সমঝোতা নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
শোনা গিয়েছে, একসময় উত্তরপ্রদেশের আসন সমঝোতা নিয়ে যথেষ্ট সমস্যা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আসরে নেমেছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। তাঁর মধ্যস্থতাতেই বরফ গলে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি।












Click it and Unblock the Notifications