'হিট অ্যান্ড রান' মামলায় শাস্তির পর প্রথমবার মুখ খুললেন সলমন
'হিট অ্যান্ড রান' মামলায় নিম্ন আদালতের রায়ে শাস্তি পেয়ে আপাতত উচ্চ আদালতের রায়ে সাজা স্থগিত রাখা হয়েছে বলিউড স্টার সলমনের। সমালোচনার মাঝে জামিনও পেয়ে গিয়েছেন তৎক্ষণাৎ। আর তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে সলমন দাবাং খান ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর সিনেমার শুটিংয়ে।
ফের পুরোদমে শুটিংয়ের কাজ সারতে ভূস্বর্গ কাশ্মীরে গিয়েছিলেন সল্লুভাই। সেখানেই সাজা পাওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন সলমন।

তিনি জানিয়েছেন, ভক্তদের প্রতি তিনি কৃতজ্ঞ। যেভাবে কঠিন সময়ে সকলে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন, প্রার্থনা করেছেন, তাতে তিনি অভিভূত। সলমন বলেন, "আমি জানি না আমি এসবের যোগ্য কিনা, তবে ভক্তদের ভালোবাসাকে আমি সম্মান করি।"
এদিন সাংবাদিক সম্মেলনে নিজের শাস্তি পাওয়া নিয়ে একটিও কথা বলতে চাননি সলমন। বলেন, "আমার সমস্যা এতটাই ছোট যা নিয়ে কথা বলার প্রয়োজন নেই।" বদলে তিনি কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য নিয়ে আলোচনা করেন এবং বলেন তাঁর অসাধারণ অভিজ্ঞতার কথা। তাঁক কথায়, ভূস্বর্গে না এলে কারও ঘোরা সম্পূর্ণ হয় না। তাই বৃত্ত সম্পূর্ণ করতে চাইলে আপনাকে কাশ্মীরে আসতেই হবে।
প্রসঙ্গত, আগামী ঈদে মুক্তি পাবে তাঁর 'বজরঙ্গী ভাইজান' সিনেমাটি। যা নিয়ে ইতিমধ্যেই তুমুল উৎসাহ ছড়িয়েছে সলমনপ্রেমীদের মধ্যে। সেই ছবিরই শুটিংয়ের বাকী কাজ শেষ করতে কাশ্মীর গিয়েছেন সলমন।












Click it and Unblock the Notifications