মুখর মুম্বই, বাড়িতে গণপতির অারাধনা করলেন শাহরুখ, সল্লু

কেন? সিনেমার শ্যুটিং চলছে বুঝি? উহুঁ, তা নয়। গণেশ পুজো নিয়ে ব্যস্ত দু'জন!
ভারতবর্ষ সত্যিই মিলনতীর্থ। তাই ধর্মীয় গোঁড়ামি নেই সলমন খান কিংবা শাহরুখ খানের। নিজেদের বাড়িতে ঠাকুর আনিয়ে পুজো করেছেন দু'জন। বন্ধুবান্ধব, আত্মীয়, পাড়ার লোক সকাল থেকেই ভিড় জমিয়েছে দুই খানের বাড়িতে। খাওয়াদাওয়া, হুল্লোড়, আড্ডা সব মিলিয়ে জমজমাট দিনটা।
শুক্রবার সকালেই ভোরে ঘুম থেকে উঠে পড়েন সলমন খান। স্নান করে সাদা-নীল পাঞ্জাবি গলিয়ে বসে পড়েছেন ঠাকুরের সামনে। অঞ্জলি দিয়েছেন। সঙ্গে খান পরিবারের বাকি সদস্যরা। এ দিন সংবাদমাধ্যমে সল্লু ভাই জানান, "এ বছর নয়, গত পাঁচ বছর ধরে আমার বাড়িতে গণেশ পুজো হচ্ছে। শুরুটা করেছিল অর্পিতা। আমার বোন। ওর অনেক হিন্দু বন্ধুবান্ধব আছে কি না! এখন তো পুরো পুজোর দায়িত্ব আমার কাঁধে। ঠাকুর কেনা, পুরুতমশাই ডাকা, প্রসাদ বিলি করা, এ সব করতে গিয়ে দিনকাবার হয়ে যায়। এ বার ভগবানের কাছে অঞ্জলি দিলাম। কী যে ভালো লাগল, বলে বোঝাতে পারব না। গণপতি বাপ্পা হোক কিংবা আল্লা, ঈশ্বর তো একজনই। আলাদা আলাদা নামে আমরা ডাকি।"
পিছিয়ে নেই শাহরুখ খানও। তাঁর বাংলো 'মন্নত' সেজেছে পুজো উপলক্ষে। পায়জামা-পাঞ্জাবিতে কিং খান আজ অন্য রকম। স্ত্রীকে সঙ্গে নিয়ে গতকাল নিজে বেছে কিনে এনেছেন গণপতি মূর্তি। নিজে তা বাড়িতে স্থাপন করেছেন। পুজো হওয়ার পর তবে খাবার খেয়েছেন। তিনি বলেন, "আমি তো গণপতি বাপ্পাকে খুব মানি। তাই প্রতি বছর পুজো করি। বিপদে-আপদে ভগবান গণেশ আমার সহায়।"
গণেশ পুজো হয়েছে বলিউডের অন্যান্য তারকাদের বাড়িতেও। যেমন বিবেক ওবেরয়, রণবীর কাপুর, হৃত্বিক রোশন, মাধুরী দীক্ষিত প্রমুখ। এই ক'দিন শ্যুটিংয়ের কাজ গৌণ। গণপতি বাপ্পাকে নিয়ে মেতে থাকাটাই মুখ্য।












Click it and Unblock the Notifications