আম্বানি বোমাতঙ্ক কাণ্ডে তার ভূমিকা রয়েছে, এনআইয়ের কাছে স্বীকার ধৃত সচিন বেজের
আম্বানি বোমাতঙ্ক কাণ্ডে তার ভূমিকা রয়েছে, এনআইয়ের কাছে স্বীকার ধৃত সচিন বেজের
মুকেশ আম্বানি বোমাতঙ্ক কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। এই কাণ্ডে ইতিমধ্যেই এনআইএ প্রথম গ্রেফতার করেছে মুম্বই পুলিশ সচিন বেজকে, যে স্বীকার করেছে যে আম্বানি বোমাতঙ্ক কাণ্ডে তার ভূমিকা রয়েছে। প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি শিল্পপতি মুকেশ আম্বানির মুম্বইয়ের বাড়ির বাইরে থেকে বিস্ফোরক–ভর্তি এসইউভি গাড়ি উদ্ধার হয়। মুম্বই পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর বেজকে শনিবারই এনআইএ গ্রেফতার করে। গ্রেফতারের আগে তাকে প্রায় ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

আম্বানির ঘটনার সঙ্গে জড়িত বেজ
সূত্রের খবর, গত ২৫ ফেব্রুয়ারি আম্বানির বাড়ি অ্যান্টিলিয়াতে জিলেটিন স্টিক সহ এসইউভি গাড়ি উদ্ধার কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বেজ। তাকে যখন এ প্রসঙ্গে প্রশ্ন করা হয় তখন সে স্বীকার করে যে সে এই ঘটনার সঙ্গে জড়িত আছে। সচিন বেজের বিরুদ্ধে আইপিসি ২৮৬, ৪৬৫, ৪৭৩, ৫০৬(২) ও ১২০বি সহ বেশ কিছু আইপিসি ধারায় মামলা দায়ের করা হয়।

বেআইনিভাবে গ্রেফতার
বেজের আইনজীবী সুদীপ পাসবোলা জানিয়েছেন যে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে এই গ্রেফতার এবং তার বিরুদ্ধে কোনও পাকা প্রমাণ নেই। আদালত সচিন বেজকে ২৫ মার্চ পর্যন্ত এনআইএ হেফাজকে থাকার নির্দেশ দিয়েছে কিন্তু সোমবার এই মামলা নিয়ে শুনানি হবে। আদালত এনআইএকে সংগ্রহ করা প্রমাণ দেখাতে বলেছে এবং তদন্ত কোন পর্যায়ে রয়েছে তাও জানানোর নির্দেশ দিয়েছে। সচিন বেজের অন্য এক আইনজীবী সানি পুনামিয়া আদালতকে জানান যে বেজের গ্রেফতারি সম্পূর্ণভাবে বেআইনি। তাকে শুধুমাত্র সন্দেহের জেরে গ্রেফতার করা হয়েছে এবং এফআইআরে কোনও জোরালো মামলা নেই।

১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
প্রসঙ্গত, শনিবার এনআইএ সকাল সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ মুম্বইয়ের কাম্বালা হিলের এজেন্সির অফিসে জিজ্ঞাসাবাদের জন্য সচিন বেজকে ডেকে পাঠানো হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

দুঁদে পুলিশ অফিসার সচিন বেজ
৬৩ জন অপরাধীকে এনকাউন্টারে খতম করে দেওয়ার রেকর্ড রয়েছে সচিন বেজের। বেজ ১৯৯০ সালের ব্যাচের অফিসার, ২০০২ সালে ঘাটকোপার বিস্ফোরণের সন্দেহজনক খাজা ইউনুসের পুলিশ হেফাজতে মৃত্যুর জন্য ২০০৪ সালে বেজকে সাসপেন্ড করা হয়। তবে সে গত বছর পুনরায় মুম্বই পুলিশে যোগ দেয়। সাসপেনশনে থাকাকালিনই বেজ শিবসেনায় যোগ দিয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন যে বেজ ২০০৮ থেকে শিবসেনার সদস্য। ১২ মার্চ তাকে পুলিশের সিটিজেন ফেসিলিটেশন সেন্টারে বদলি করে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications