প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে ফিরতে চলেছেন পাইলট! রাহুল গান্ধীর সামনে তিন শর্ত সচিনের
রাজস্থান কংগ্রেসের বিবাদ মিটতে চলেছে। রাজস্থান রাজনীতিতে নয়া মোড়। জানা গিয়েছে রাহুল গান্ধীর সঙ্গে অবশেষে দেখা করলেন সচিন পাইলট। এবং জানা গিয়েছে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে তিনি রাহুলের কাছে তিনটি দাবি পেশ করেছেন। তবে এটা এখনও জানা যায়নি যে সচিন পাইলট ও রাহুল গান্ধীর এই সাক্ষাতের সময় সনিয়া গান্ধী সেখানে উপস্থিত ছিলেন কী না।

সচিন পাইলটের দাবি
জানা গিয়েছে সচিন পাইলটের দাবি, রাজস্থানের নির্বাচন এক বছর আগেই সচিনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হোক কংগ্রেসের তরফে। এবং সেই ঘোষণা করা হোক আগামী বছর, অর্থাৎ, ২০২১ সালেই। তা না হলে পাইলটের অনুগামীদের মধ্যে দুই জনকে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পদে বসানো হোক।

পাইলটপন্থীদের ফেরাতে হবে মন্ত্রিত্বে
এদিকে সচিনপন্থী নেতাদের কংগ্রেসের তরফে পুরস্কৃত করা হোক, এমনই দাবি ছিল সচিনের। অর্থাৎ, শুধু মন্ত্রী পদে বহাল রাখা নয়, তাঁদেরকে কর্পোরেশন ও বিভিন্ন কমিটির প্রধান পদে নিয়োগ করতে হবে। তাছাড়া পাইলট অনুগামীদের ক্যাবিনেটেও ফেরাতে হবে বলে সচিন দাবি জানিয়েছেন। এছাড়া তাঁর দাবি, ইস্তাহার অনুযায়ী সকল প্রতিশ্রুতি পূরণ হবে এই ঘোষণাও করতে হবে।

অশোক গেহলটকে কোণঠাসা করার চাল
সচিনের আরও দাবি ছিল যে অশোকের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অবিনাশ পান্ডেকে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদ থেকে সরাতে হবে। অশোক গেহলটের ডানা ছাঁটতেই তাঁর প্রিয়জনকে কংগ্রেসের সাংগঠনিক পদ থেকে সরানোর এই দাবি ছিল সচিনের। প্রসঙ্গত, জানা গিয়েছে রাহুল গান্ধী চাইছেন, যাতে সচিন পাইলট উপ-মুখ্যমন্ত্রী পদ ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ফিরে আসুক।

পদ থেকে সরানো হয়েছিল সচিন পাইলটকে
এর আগে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছিলেন ক্যাবিনেট থেকে বাদ দেওয়া হচ্ছে সচিন পাইলট, রমেশ মীনা ও বিশ্বেন্দ্র সিং। রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও বরখাস্ত করা হয়েছিল সচিন পাইলটকে। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন গোবিন্দ সিং দোতাস্রা। সেবা দলের প্রধান ও যুব কংগ্রেস প্রেসিডেন্টও বদলেছে কংগ্রেস, কারণ বর্তমানে সেই পদগুলিতে আসীন নেতারা সচিন ঘনিষ্ঠ।

১৪ অগাস্ট থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন
বহু নাটকের পর ১৪ অগাস্ট থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন। এদিকে সচিন পাইলট ও তাঁর ১৯ জন অনুগামীকে যেন কোনও ভাবে দলে ফেরানো না হয়। এই দাবিতেই এবার সরব হল রাজস্থান কংগ্রেসের পরিষদীয় দলের সদস্য বা বিধায়করা। রবিবার জয়সলমেরের রিসর্টে অনুষ্ঠিত কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে এই দাবি তোলেন গেহলট পন্থী বিধায়কদের অধিকাংশ। কংগ্রেসের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি অবিনাশ পান্ডেও এই বিষয়ে বিধায়কদের সঙ্গে গলা মেলান।

বিদ্রোহীদের দলে স্বাগত জানানোর কথা বলেছিলেন গেহলট
এর মধ্যেই সচিন পাইলটের নেতৃত্বাধীন বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের দলে স্বাগত জানানোর কথা বলেছিলেন অশোক গেহলট। তিনি বলেছিলেন, যদি কংগ্রেস হাইকমান্ড বিদ্রোহীদের ক্ষমা করে দেন, তাহলে তাঁদের তিনি স্বাগত জানাবেন। তবে প্রথম থেকেই পাইলটকে বিজেপি সূত্রে গেঁথে তাঁর বিরুদ্ধে দলের অন্দরেই বিদ্বেষ তৈরির কাজ সম্পন্ন করেছেন গেহলট। তবে সচিন সত্যি সত্যি ফিরে এলে গেহলট কী করবেন তা দেখতে অধীর আগ্রহ এখন রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications