নয়া প্রদেশ সভাপতিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে গেহলটকে খোঁচা পাইলটের! বাড়ছে বোঝাপড়ার জল্পনা
সচিন পাইলট কী এখনও কংগ্রেসে? খাতায় কলমে হ্যাঁ, তবে কংগ্রেস কী এখন আর সচিনকে নিজেদের দলের অংশ মনে করে? গত কয়েকদিনের আদালতের লড়াই দেখে তো তা কেউই বিশ্বাস করবে না। তবে তা সত্ত্বেও নিজের দলের সদস্যের সঙ্গে সৌজন্যতা করতে ভুলছেন না পাইলট। প্রসঙ্গত এদিনই রাজস্থানের স্পিকার সিপি যোশীর জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠান পাইলট। এরপর রাজস্থানের নয়া প্রদেশ কংগ্রেস সভাপতিকেও শুভেচ্ছাবার্তা পাঠান পাইলট।

প্রদেশ সভাপতিকে শুভেচ্ছা পাইলটের
প্রসঙ্গত, সচিন পাইলটকে রাজস্থান কংগ্রেসের প্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে সেই আসনে বসানো হয়েছিল গোবিন্দ সিং দোস্তারা। প্রসঙ্গত গোবিন্দকে প্রদেশ সভাপতি করতে চেয়ে হাইকমান্ডের কাছে আবেদন রেখেছিলেন পাইলট নিজে। যেখানে বাকি সব বড় সাংগঠিন পদে গেহলট নিজের কাছের মানুষকে বসাচ্ছিলেন, তখন এই পদে সচিন চেয়েছিলেন এমন এক মানুষকে বসাতে যাঁকে তিনিও ভরসা করতে পারবেন। সেই মতোই দোস্তারাকে বসানো হয় সেই পদে।

কী লেখেন পাইলট?
এদিন দোস্তারাকে উদ্দেশ্য করে পাইলট টুইট করে লেখেন, 'আমি গোবিন্দ সিং দোস্তারাকে শুভেচ্ছা জানাতে চাই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করার জন্য। আমি আশাবাদী যে তিনি চাপে পড়েও ভালো কাজ করবেন এবং তিনি পক্ষপাতিত্ব করবেন না। আপনি কংগ্রেসের খেয়াল রাখবেন বলে আমি আশা করছি।'

স্পিকার সিপি যোশীর জন্মদিনে বার্তা
এদিকে রাজস্থানের স্পিকার সিপি যোশীর জন্মদিন আজ। তাঁকে টুইট করে সাত সকালে জন্মদিনের শুভেচ্ছা জানান সচিন পাইলট। হিন্দিটেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা বার্তায় স্পিকার সিপি যোশীর সুস্বাস্থ্য এবং আরোগ্য কামনা করেছেন সচিন।

রাজনৈতিক সৌজন্য না অন্তরালে রয়েছে সমঝোতার বার্তা?
প্রবল রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠেছেন সাম্প্রতিক কালে। মুখ দেখাদেখি প্রায় বন্ধ। সুপ্রিম কোর্টে একে অপরের বিরুদ্ধে লড়ছেন। এমন পরিস্থিতিতে রাজস্থানের স্পিকার সিপি যোশীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সচিন পাইলট। এই শুভেচ্ছা বার্তা কি কেবল রাজনৈতিক সৌজন্য না অন্তরালে রয়েছে সমঝোতার বার্তা। জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications