ভারত নিশ্চই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে, বললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
ভারত নিশ্চই একদিন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পাবে। পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন তিনি এই বিষয়ে বলেন, "এই ব্যাপারে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। তার জন্য অনেকটাই পরিশ্রম করতে হচ্ছে এবং ধৈর্য রাখতে হচ্ছে।" পাশাপাশি তিনি আশ্বাস দিয়ে বলেন, "একদিন অবশ্যই আমরা সেই লক্ষ্যে পৌছব।"

চিনের আপত্তিতেই এত বছর আটকে ভারত
নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। তার মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী পদ। দুই বছরের জন্য ওই অস্থায়ী সদস্যপদের মেয়াদ। আফ্রিকা এবং এশিয়া মহাদেশের জন্য পাঁচটি অস্থায়ী সদস্যপদ সংরক্ষিত। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা হল আমেরিকা, চিন, রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেন। তাদের মধ্যে ৪ টি দেশই সম্মতি প্রকাশ করেছে ভারতের স্থায়ী সদস্য হওয়ার ব্যাপারে। তবে এই পরিষদে থাকা ৫টি দেশের কাছেই ভিটো শক্তি রয়েছে। অর্থাৎ, তাদের মধ্যে যে কোন একটি দেশ সুরক্ষা কাউন্সিলের অন্য সকলের সর্বসম্মত ভোটের দ্বারা নেওয়া যে কোনও সিদ্ধান্তকে অবরুদ্ধ করতে পারে।

জয়শঙ্করের আশা
শুধুমাত্র চিন ছাড়া আপাতত ভারতের স্থায়ী পদ নিয়ে সব দেশই সম্মতি জানিয়েছে। এব্যাপারে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেন, "যে দেশ আগামী ১৫ বছরে সবচেয়ে বেশি জনবহুল দেশ হবে এবং অর্থনীতিতে বিশ্বের তৃতীয় স্থান অধিকার করবে, সেই দেশকে বাদ দিয়ে বিশ্বের সুরক্ষা সংগঠন চলতে পারেনা। ভারতের মত বিশাল দেশকে বাদ দিয়ে বিশ্বের সুরক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।"

পাকিস্তান ও চিনের সমর্থনে নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে ভারত
এর আগে জুন মাসে ২০২১-২২ সালের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের আবেদনকে সমর্থন করে এশিয়া প্যাসিফিক গ্রুপ। প্রসঙ্গত সেই গ্রুপে আছে পাকিস্তান ও চিন। ভারতের আবেদনকে এবারই প্রথম সমর্থন করল এই দুই দেশ। ভারতের জন্য যা একটি বড় কূটনৈতিক সাফল্য বলে মত বিশেষজ্ঞদের। এর আগে সাত বার ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেয়েছিল।

এবার কী তবে স্থায়ী পদেও ভারতকে সমর্থন চিনের
দীর্ঘ দিন ধরে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ৫টি দেশ। গত কয়েক বছরের একাধিকবার আবেদন সত্ত্বেও স্থায়ী সদস্যপদ পায়নি ভারত। ভারতের আবেদনে প্রত্যেকবার ভেটো দিয়েছে চিন। তবে ভারতের অস্থায়ী সদস্যপদের আবেদনকে সমর্থন জানিয়েছিল চিন।












Click it and Unblock the Notifications