Ukraine-Russia Conflict: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম আঁচ, ভারতে একলাফে অনেকটা বাড়ল সোনার দাম
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম আঁচ, ভারতে একলাফে অনেকটা বাড়ল সোনার দাম
২৪ ফেব্রুয়ারি মোটেই ভালো দিন হয়ে থাকল না বিশ্ব ক্যালেন্ডারের পাতায়। ভারতীয় সময় বৃহস্পতিবার সকালেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এইদিন সাতসকালে টেলিভিশন বার্তায় পুতিনের ইউক্রেনে সামরিক অভিযানের সিদ্ধান্ত ঘোষণার পরেই রীতিমত হুলুস্থুলু পড়ে গিয়েছে গোটা দুনিয়া জুড়ে। ইউক্রেনের উপর রাশিয়ার এই সামরিক অভিযানের সরাসরি প্রভাব এসে পড়ল বিশ্ব বাজারের উপর। একধাক্কায় দাম বাড়ল সোনা রূপা সহ অপরিশোধিত তেলেরও।

বছরে সর্বোচ্চ সোনার দাম
ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক অভিযানের চোটে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল ভারতে সোনার দাম। একেই মাঘ ও ফাল্গুন মাস মানেই বিয়ের মরশুম। এই সময় সোনা কিনতে এককথায় হিরিক পড়ে যায় সাধারণ মানুষের। আর তার উপর এতটা দাম বৃদ্ধিতে এককথায় মাথায় হাত মধ্যবিত্ত থেকে সোনার ব্যবসায়ীদের। কারন এবার সোনা কেনার ক্ষেত্রে গ্রাহকদের অভাব চরমে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে 'সামরিক অভিযান' শুরু করার ঘোষণা করার পরেই ভারতে সোনার দাম অতিক্রম করল প্রতি ১০ গ্রাম পিছু ৫১ হাজার টাকা। এই মুহূর্তে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার ফিউচার রেট উঠেছে ৫১ হাজার ৩৯৬ টাকার কোটায়। ১০ গ্রাম হলুদ ধাতুর জন্য ২.০২ শতাংশ লাফিয়ে বাড়ল দাম। বিশ্ব বাজারে ১ আউন্স স্পট সোনার দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১হাজার ৯২৫ মার্কিন ডলার। যা গত ১৩ মাসের মধ্যে সর্বাধিক বৃদ্ধির রেকর্ড ছুঁয়েছে। ভারতে এককথায় লক্ষ্মীবারেই সোনার দাম গিয়ার ফেলে বেড়ে গেল প্রায় ১,৪০০টাকা।

বাড়ল রূপোর দামও
তবে শুধুমাত্র সোনা নয়, হলুদ ধাতুর পাশাপাশি যথেষ্ট ঊর্ধ্বমুখী রূপোর দামও। বৃহস্পতিবার অন্যতম মূল্যবান এই ধাতুর দাম এক কিলোগ্রামের জন্য একধাক্কায় ২শতাংশ দাম বেড়ে হল ৬৫ হাজার ৮৭৬টাকা। তবে বিশেষজ্ঞরা অনুমান করছেন আরও বেশি বাড়তে পারে সোনা রূপোর দাম। বিশ্ববাজারে সোনার দামের বৃদ্ধি ছুঁতে পারে ২০০০ মার্কিন ডলারের রেকর্ডও।

মহামূল্য জ্বালানি
সোনা রূপোর দাম চড়চড়িয়ে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাল মেলাতে পিছিয়ে নেই জ্বালানি তেলের দামও। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পরেই এককথায় তথৈবচ অবস্থা বিশ্ব বাজারে। এইদিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ্ববাজারে ব্যারেলপিছু অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১০০ মার্কিন ডলারের গণ্ডিতে পৌঁছল। এই দামের রেকর্ড গত ৮ বছরে এই প্রথম। তেলের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

কী হাল শেয়ার বাজারের?
সোনা রূপার মত মূল্যবান ধাতু, মহার্ঘ তেল, সবিকিছুর পর শেয়ার মার্কেটই বা পিছিয়ে থাকে কেন! বাজার খোলার পরেই মুম্বইয়ের দালাল স্ট্রিটেও ভালোই পড়ল রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানের প্রভাব। এক ধাক্কায় এইদিন সেনসেক্সের পতন হয়ে সূচক ঠেকেছে ১,৪২৮.৩৪ পয়েন্ট নীচে। পাল্লা দিয়ে পতিন হয়েছে নিফটিরও। ৫১৪.৩৫ পয়েন্ট পতন হয়েছে নিফটির।












Click it and Unblock the Notifications