শুধু রয়ে যাক প্রেম! ভারতে বিয়ে সারলেন রাশিয়ার বর ও ইউক্রেনের কনে, চমকে দিলেন বিশ্বকে
ভালোবাসা কোনও বাধা মানে না। মনের মিল যেখানে রয়েছে সেখানে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি পেরিয়ে চলে আসা যায়। সেরকমই কিছু ঘটল রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ চলার সময়, যার পরিণতি ঘটতে দেখা গেল ভারতে। দুই দেশের যুদ্ধের মধ্যেই রাশিয়ার বরের সঙ্গে বিয়ে করলেন ইউক্রেনের কনে। তাও আবার হিমাচল প্রদেশের ধর্মশালায়।

কীভাবে দেখা দু’জনের
গত ২ অগাস্ট বিয়ের এই অনুষ্ঠান হয় এই দেশে। জানা গিয়েছে, ওই দু'জনের দেখা হয়েছিল ইজরায়েলে, যুদ্ধ চলাকালীনই প্রেম চলে তুমুল এরপর ভারতে এসে তাঁরা দেশের বিশেষ বিবাহ আইনে বিয়ে করেন। শুধু তাই নয়, ধর্মশালা থেকে বিয়ের পর এই যুগল দুই দেশের কাছে কাতর আর্তি জানিয়ে বলেছেন, 'ভালোবাসা ছড়িয়ে দিন, যুদ্ধ নয়'। ইউক্রেনের মেয়ে ২৮ বছরের অ্যালোনা বুরমাকা ও রাশিয়ার ছেলে ৩৭ বছরের সের্গেই নোভিকোভ, যিনি এখন ইজরায়েলের নাগরিক, সোমবার ৫ সেপ্টেম্বর ধর্মশালায় ভারতের বিশেষ বিবাহ আইনের অন্তর্গত আইনত বিয়ে করেন। তবে একমাস আগেই হিন্দু রীতি মেনে তাঁরা সামাজিক মতে বিয়েও সেরে নিয়েছেন।

কী বললেন নব দম্পতি
কিন্তু কেন তাঁরা বিয়ের জন্য এই ভারতকেই বেছে নিলেন? এ প্রসঙ্গে সের্গেই বলেন, 'আমরা ইউক্রেন ও ইজরায়েল থেকে এসেছি। আমাদের ইজরায়েলে দেখা হয় এবং আমরা একসঙ্গে ছয় বছর ধরে থেকেছি। একবছর আগে আমরা ভারতে আসি এবং মনে হয়েছিল এটাই বিশেষ জায়গা (ধর্মশালা) যেখানে হিন্দু রীতি ও সংস্কৃতি মেনে বিয়ে করা যায়। এটা শুধু রাশিয়া ও ইউক্রেনের জন্য বার্তা নয়, ভারতবাসীর জন্য আমাদের এই বিশেষ বার্তা। একবার ইউক্রেন ও রাশিয়া এক হয়ে যাক ভাইদের মতো। ভালোবাসো, যুদ্ধ কোরো না। হিংসা মোটেও ভালো নয়, দু'দেশের সাধারণ মানুষের মধ্যে কোনও বিরোধ নেই, লড়ছে শুধু সরকার। এবার থামা উচিত এই যুদ্ধ।' নববধূ অ্যালোনা বলেন, 'আমার সঙ্গে সের্গেইয়ের ইজরায়েলে দেখা হয় এবং আমরা ৬ বছর ধরে একসঙ্গে রয়েছি। আমরা যখন ভারতে আসি তখনই সিদ্ধান্ত নিই যে বিয়ে করার, যাতে আমাদের দু'টো আত্মা এক হয়ে যায়। আমাদের এই দেশ পছন্দ আর এখানকার সংস্কৃতি যেন খুব গভীর, সুন্দর ও দারুণ।'

৪০ শতাংশ বিদেশি বিয়ে ধর্মশালায়
এসডিএম ধর্মশালা শিল্প বেকটা তাঁদের বিয়ের শংসাপত্র জারি করেছে। বেকটা জানিয়েছেন যে তারা ধর্মশালায় বিদেশীদের বিবাহের প্রায় ৪০ শতাংশ বিশেষ বিবাহ আইনের অধীনে নিবন্ধন করে। তিনি বলেন, '১ জানুয়ারি ২০২২সাল থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এখানে ১০৬টি বিয়ে নিবন্ধীকরণ হয়েছে। যার মধ্যে ৪০ শতাংশ বিয়ে হয়েছে বিদেশিদের, অর্থাৎ একজন বিদেশী একজন ভারতীয় নাগরিক বা তিব্বতী শরণার্থীকে বিয়ে করেছে।'

যুদ্ধের মাঝে পরিণতি পেল প্রেম
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। ডোনেটস্ক এবং লুহানস্ক জনগণের প্রজাতন্ত্রগুলি নিজেদের রক্ষার জন্য সাহায্যের অনুরোধ করার পরে রাশিয়া ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান শুরু করে। তারই মাঝে প্রেম যে শাশ্বত তা ফের প্রমাণিত হল। দুই দেশের নাগরিক ভারতে বিয়ে করে রীতিমতো বিশ্বকে চমকে দিলেন।












Click it and Unblock the Notifications