উলটপুরান! এবার আরএসএসের সভায় আমন্ত্রণ পেতে চলেছেন রাহুল গান্ধী
দিল্লির এক অনুষ্ঠানে রাহুলকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতে চলেছে সংঘ।
বিদেশে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম করে তুমুল আক্রমণ শানিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আরএসএসকে বেছে বেছে নিশানা করেছিলেন। তার পাল্টা হিসাবে দিল্লির এক অনুষ্ঠানে রাহুলকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানাতে চলেছে সংঘ।

সূত্রের খবর, 'ফিউচার অব ইন্ডিয়া' শীর্ষক এক অনুষ্ঠানে অতিথি হিসাবে হাজির থাকার জন্য আরএসএস রাহুল গান্ধীকে আমন্ত্রণপত্র পাঠাতে চলেছে। আরএসএসের মুখপাত্র অরুণ কুমার এদিন বলেছেন, আগামী ১৭-১৯ সেপ্টেম্বরের মধ্যে হতে চলা অনুষ্ঠানে সংঘের তরফে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে।
হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকে মিশরের সুন্নি ইসলামিস্ট সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেন। যা নিয়ে তুমুল হট্টগোল হয়েছিল। আরএসএস গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কব্জা করার ভাবনা নিয়ে কাজ করে চলেছে বলে রাহুলের অভিযোগ ছিল।
তারপরই বিজেপির পক্ষ থেকে রাহুলকে ভাড়াটে খুনি বলে আক্রমণ করা হয়। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আরএসএস যোগ ছিল। রাহুল এভাবে মুসলিম সংগঠনের সঙ্গে যোগ তৈরি করে এদের সকলকে অপমান করেছেন। রাহুলকে ক্ষমা চাইতে হবে।
পরে রাহুল সহ কংগ্রেস নেতাদের বক্তব্য ছিল, বৃহত্তর প্রেক্ষিতে রাহুল একথা বলেছেন। বক্তব্যকে বিকৃত করে পেশ করা হয়েছে বলেও জানিয়েছেন রাহুল।
প্রসঙ্গত, এর আগে আরএসএসের সভায় প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে। আরএসএসের সভায় সাম্প্রতিক সময়ে গিয়েছেন রতন টাটাও। এখন রাহুলের কাছে আমন্ত্রণ গেলে তিনি কী করেন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications