কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ আরএসএস প্রধান, ২০১৯-এর আগে এ কীসের ‘বার্তা’
এ যেন উলটপুরান! কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ আরএসএস প্রধান মোহন ভাগবত। দিল্লিতে শুরু হওয়া তিনদিনের বৈঠকে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা অপরিসীম।
এ যেন উলটপুরান! কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ আরএসএস প্রধান মোহন ভাগবত। দিল্লিতে শুরু হওয়া তিনদিনের বৈঠকে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা অপরিসীম। কয়েকদিন আগেই রাহুল গান্ধী আরএসএসকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেছিলেন। এবার রাহুলের কংগ্রেসের প্রশংসা করে সৌজন্যের রাজনীতির নমুনা রাখল সঙ্ঘ।

জাতীয় স্তরে আরএসএ গ্রহণযোগ্যতা বাড়ানোর কর্মসূচিতে নেমেছে। সেই লক্ষ্যেই আরএসের নাগপুর-সভায় আদ্যান্ত কংগ্রেসি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারপর রাহুল গান্ধীর সমালোচনা সত্ত্বেও তাঁকে আমন্ত্রণেরও পরিকল্পনা করা হয়েছিল দিল্লির সভায়। শেষপর্যন্ত কংগ্রেসের জয়রাম রমেশ ও শশী থারুরকে আমন্ত্রণ জানানো হয়। এমনকী দিল্লির এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের সমস্ত বিরোধী দলের শীর্ষনেতাদেরই।
সেই অনুষ্ঠানেই আরএসএস প্রধান প্রশংসায় ভরিয়ে দেন কংগ্রেসের। স্বাধীনতা সংগ্রাম প্রসঙ্গে কংগ্রেসের ভূমিকার প্রশংসা করে বিশেষ বার্তা দেয় সঙ্ঘ। সঙ্ঘের ডাকে সাড়া দিয়ে বিরোধীরা কেউ না আসায় সমালোচনা করে বিজেপি। বিজেপি বলে, যাঁরা মুখে বহুত্ববাদের কথা বলে, তাঁদের মধ্যে কেন এই দ্বিচারিতা। তবে এই বিতর্কের মাধেই শিরানামে উঠে আসে মোহন ভাগবতের মুখে কংগ্রেসের প্রশংসা।
মোহন ভাগবত কার্যত স্বীকার করে নেন, কংগ্রেসের নেতৃত্বে একটা বিরাট বিপ্লব গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। কংগ্রেসই অসংখ্য সর্বত্যাগী মহান মনীষীদের জন্ম দিয়েছে বলেও তাঁক বক্তব্যে জানান ভাগবত। তিনি বলেন, সেইসব সর্বত্যাগী মনীষীরা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। কংগ্রেসের বিপ্লব যে সাধারণ মানুষের মধ্যেও সাড়া ফেলেছিল, তা বলার অপেক্ষা রাখে না।
তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ভারতের স্বাধীনতা অর্জনের পিছনে কংগ্রেসের বড় হাত রয়েছে। এদিন আরও চমক ছিল মোহন ভাগবতের বক্তৃতায়। শুধু কংগ্রেসের প্রশংসা করেই ক্ষান্ত নন তিনি, তাঁর মুখে এদিন শোনা যায় কংগ্রেসের চিরপরিচিত আপ্তবাক্যই। তিনিও বলেন, ভারত বহুত্ববাদের দেশ, আমাদেরও উচিত বহুত্ববাদকে গ্রহণ করা এবং উপভোগ করা। রাজনৈতিক মহলের মত, আরএসএস কংগ্রেসের প্রতি সৌজন্য জ্ঞাপন করে ২০১৯-এর আগে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।












Click it and Unblock the Notifications