Ponzi Scam: ভুয়ো বিনিয়োগ করিয়ে ৬০০০ কোটি আত্মসাৎ! থানায় অভিযোগের পাহাড়, বেপাত্তা বিজেপি কর্মী
Ponzi Scam: পনজি স্কিম বা ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ৬ হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত বিজেপি কর্মী (BJP Worker)। উত্তর গুজরাটের সবরকাঁথা জেলার ঘটনা। স্থানীয় বিজেপি কর্মী ভূপেন্দ্রসিংহ জালা প্রচুর লোকের থেকে ওই টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। আমানত ফেরত না পেয়ে বিজেপি কর্মীর বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ দায়ের গ্রাহকদের।
এখনও পর্যন্ত কমপক্ষে ৪৯ জন ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। শুধু শুক্রবারই ৫টি এফআইআর দায়ের করা হয়েছে। অথচ যাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তিনিই বেপাত্তা। অভিযুক্ত বিজেপি কর্মীর একাধিক অফিসে হানা দিয়েছে সিআইডি (CID)। কিন্তু কোনও সূত্র ধরেই তাঁর খোঁজ মিলছে না বলে অভিযোগ।

২০২২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ৩০৭ কোটি টাকা আত্মসাৎ ও ২৪টি সম্পত্তি ক্রয় করা হয়েছে বলেও হদিশ পেয়েছে পুলিশ। তদন্তে আরও জানা গিয়েছে, নিজে একটি সংস্থার কর্ণধার ছিলেন জালা।
অপর একটি সংস্থার আস্থাভাজক হিসেবে রাখা হয়েছিল তাঁকে। দ্বিতীয় সংস্থাটি আবার একটি স্কুল চালাত। সেই স্কুলে ২৭০ জন পড়ুয়াদের থেকে নেওয়া টাকার ৭৫ লক্ষ আবার নিজের সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন জালা।
ইতিমধ্যেই অভিযুক্ত ওই বিজেপি কর্মীর অগ্রিম জামিন খারিজ করেছে আহমেদাবাদ জেলা আদালত। অর্ডারে বলা হয়েছে, বিলাসবহুল গাড়ি, উপহার, দেশ ও বিদেশে ভ্রমণের সুযোগের লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের থেকে টাকা আদায় করা হত।
আদালত এও জানায়, গ্রাহকদের থেকে আমানত সংগ্রহ করার জন্য ওই বিজেপি কর্মীর কোনও আইনি অনুমতিই ছিল না। ছিল না লাইসেন্সও। তবে শুধুমাত্র সবরকাঁথা জেলার মধ্যে ঋণ প্রদানের অনুমতি দেওয়া হয়েছিল তাঁকে।
পুলিশ জানিয়েছে, জালার ভুয়ো বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের জন্য মূলত শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, কৃষকদের লোভ দেখানো হত। লাভজনক হারে আমানত ফেরত পাবার লোভ দেখানো হত। সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির থেকেও উচ্চ সুদের হার প্রদানের লোভ দেখানো হয়েছিল।
তাছাড়াও ৫ লাখ বিনিয়োগে ৩২ ইঞ্চি টিভি, মোবাইল ফোন ও ১০ লাখ টাকা বিনিয়োগে গোয়া সফরের টোপও দেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ। বেপাত্তা ওই অভিযুক্ত বিজেপি কর্মীকে হন্যে হয়ে খুঁজছে সিআইডি।












Click it and Unblock the Notifications