পিএনবি কাণ্ডে নাড়া পড়তেই সামনে রোটোম্যাকের ৩৬৯৫ কোটি টাকার দুর্নীতি
পিএনবি কাণ্ডে নীরব মোদী ও তাঁর সহযোগীদের কেলেঙ্কারি সামনে আসতেই আরও এক কেলেঙ্কারির পর্দাফাঁস হল। এবার সামনে এসেছে রোটোম্যাক পেনের আর্থিক কেলেঙ্কারি।
পিএনবি কাণ্ডে নীরব মোদী ও তাঁর সহযোগীদের কেলেঙ্কারি সামনে আসতেই আরও এক কেলেঙ্কারির পর্দাফাঁস হল। এবার সামনে এসেছে রোটোম্যাক পেনের আর্থিক কেলেঙ্কারি। সিবিআই তদন্তে নেমে রোটোম্যাকের মালিক বিক্রম কোঠারিকে গ্রেফতার করেছে। পাশাপাশি সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।

জানা গিয়েছে, কোনও একটি রপ্তানি অর্ডারের জন্য ঋণ পাওয়ার পরে সেই টাকা অফশোর কোম্পানিতে চালান করে দেওয়া হয়। পরে সেই টাকা কোনও এক্সপোর্ট অর্ডার ছাড়াই নিজের রোটোম্যাক কোম্পানিতে ফিরে আসে।
প্রথমে তদন্তে নেমে রোটোম্যাক দুর্নীতি ২৯১৯ কোটি টাকা বলে সিবিআই জানিয়েছিল। পরে সুদ ও অন্যান্য বকেয়া ধরে তা ৩৬৯৫ কোটি টাকা বলে জানানো হয়েছে।
মালিক বিক্রম কোঠারিকে বিশ্বাসভঙ্গ, টাকা নয়ছয়, আর্থিক গোলমাল ও ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট নিয়মভঙ্গ অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে। সিবিআই স্পষ্ট জানিয়েছে, রপ্তানিকে সাহায্যের জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তা সেখানে বিনিয়োগই করা হয়নি।
পাশাপাশি সিবিআই দেখছে, কীভাবে জাল নথি দিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ সংগ্রহ করেছে রোটোম্যাক সংস্থা। বিক্রম কোঠারি ব্যাঙ্কে জালি বিল জমা দিয়েছেন বলেও সিবিআই দাবি করেছে। এই ঘটনায় সিবিআইয়ের পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তদন্তে নেমেছে।












Click it and Unblock the Notifications