'দেশ গড়ার কাজে শিক্ষকদের অবদান সর্বশ্রেষ্ঠ' : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবসে দেশের সমস্ত শিক্ষককে শ্রদ্ধা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষকদের নিষ্ঠা ও আত্মত্যাগকে কুর্ণিশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'দেশ গড়ার কাজে শিক্ষকদের অবদান সর্বশ্রেষ্ঠ'।
শিক্ষক দিবস স্পেশাল : ভারতের সর্বকালের সেরা শিক্ষক ও তাঁদের অবদান
এদিন শিক্ষক দিবস উপলক্ষ্যে টুইট করে সকল শিক্ষককে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণকেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। জানান, রাধাকৃষ্ণণ একজন গুণী শিক্ষকই ছিলেন না। তিনি ছিলেন রাষ্ট্রনেতা। দেশের সেবা করা ছাড়াও বহু মানুষকে তিনি অনুপ্রাণিত করেন।

'মন কি বাত' রেডিও অনুষ্ঠানে শিক্ষক দিবস নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন যে, তাঁর জন্য শিক্ষক দিবস আসলে শিক্ষা দিবসও বটে। ছাত্রছাত্রীর জীবনে একজন শিক্ষক মায়ের মতোই একই আসনে বসার যোগ্য। এমন অনেক শিক্ষক ছিলেন বা রয়েছেন যারা নিজের জন্য না ভেবে ছাত্রছাত্রী ও সমাজের জন্য নিজেকে উৎসর্গ করে দেন।
৫ সেপ্টেম্বর দিনটি সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। শিক্ষায় তাঁর অবদানকে মাথায় রেখে দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। প্রধানমন্ত্রীর কথায়, রাধাকৃষ্ণণজী সবসময় ছাত্রদের পাশে দাঁড়াতেন। রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি শিক্ষকতা থেকে বেরতে পারেননি। যতদিন পেরেছেন সকলকে শিক্ষিত করার কাজ চালিয়ে গিয়েছেন।
এদিকে এদিন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও দিল্লির রাজেন্দ্রপ্রসাদ সর্বোদয় বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস নেন। এই স্কুলটি রাষ্ট্রপতি ভবনের এলাকার মধ্যেই অবস্থিত। সেখানে প্রায় ঘণ্টাখানেক ছাত্রদের সামনে নানা বিষয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি।
প্রসঙ্গত, সারা বিশ্বে এক এক দেশে ভিন্ন দিনে শিক্ষক দিবস পালিত হয়। রাষ্ট্রপতি থাকাকালীন সর্বপল্লী রাধাকৃষ্ণণ আর্জি জানান, তাঁর জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসাবেই পালন করতে। এরপর ১৯৬২ সাল থেকে এই দিনটি শিক্ষকদের শ্রদ্ধা জানাতে পালিত হয়ে আসছে।












Click it and Unblock the Notifications