Maharashtra Election: সীমান্তের জন্য জমি দেননি মমতা, বাংলা থেকে মহারাষ্ট্রে রোহিঙ্গারা! অভিযোগ শুভেন্দুর
অনুপ্রবেশ নিয়ে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে প্রচার চালাচ্ছে বিজেপি৷ এবার প্রচারে গিয়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। মহারাষ্ট্রের দাদরিতে প্রবাসী বাঙালিদের সামনে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা।
তাঁর মুখেও অনুপ্রবেশ বিতর্ক ও রোহিঙ্গা ইস্যু৷ মহারাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গকেও জুড়ে দিলেন তিনি। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকেও সেখানে একই সঙ্গে বিঁধলেন শুভেন্দু৷ পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে। মহারাষ্ট্রেও রোহিঙ্গারা ঢুকছে বাংলা দিয়ে৷ মন্তব্য করলেন বিরোধী দলনেতা।

ভারত - বাংলাদেশ সীমান্ত পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে৷ পশ্চিমবঙ্গের ৭২ টি জায়গায় সীমান্তে কাটাতারের বেড়া নেই৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দল তৃণমূলের জন্য বেড়া দেওয়া সম্ভব হয়নি৷ এই অভিযোগ ফের করলেন শুভেন্দু অধিকারী।
এদিন তিনি দাদরিতে প্রচারে গিয়ে বাংলাতেই বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল অনুপ্রবেশ ইস্যু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য উদ্যোগী হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে চিঠিও পাঠান তিনি। একাধিকবার জমি চেয়ে অনুরোধ করা হয় মুখ্যমন্ত্রীর কাছে। কিন্তু রাজ্যের তরফ থেকে বিএসএফকে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য কোনও জমি দেওয়া হয়নি। এই বক্তব্য রবিবার মহারাষ্ট্রে প্রচারে গিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী।
বিরোধী ইন্ডিয়া জোটে কংগ্রেস, এনসিপির সঙ্গে তৃণমূল রয়েছে। আবার মহারাষ্ট্রে কংগ্রেস এনসিপি সহ অন্যান্যরা এমভিএ জোট তৈরি করে লড়াই করছে। ফলে শুভেন্দু নিশানায় বিরোধীরা বরাবর ছিল। বাংলায় বিজেপি কর্মী - সমর্থকদের উপর হওয়া অত্যাচারের প্রসঙ্গ উঠে এসেছে শুভেন্দুর কথায়। বাংলায় বিজেপির ২৩৫ জন কার্যকর্তা এখনও অবধি ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছেন। এই কথা বলেন শুভেন্দু।
অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের রীতিমতো কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের আদিবাসীদের জায়গা ও রেশনে ভাগ বসাচ্ছে অনুপ্রবেশকারীরা। সেই কথাও বলেন তিনি।












Click it and Unblock the Notifications