প্রিয়াঙ্কার পর এবার রাজনীতিতে আসছেন রবার্ট ভডরা! স্পষ্ট ইঙ্গিত সনিয়ার জামাইয়ের
এবার রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন রাহুল গান্ধীর জামাইবাবু রবার্ট ভডরা।
শ্বশুর বাড়ির পরিবারের প্রায় সকলেই রাজনীতির সঙ্গে জড়িত। সদ্য রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ফলে রবার্টই বা বাদ থাকেন কেন? এবার রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন রাহুল গান্ধীর জামাইবাবু রবার্ট ভডরা।

গত মাসেই স্ত্রী প্রিয়াঙ্কা রাজনীতিতে যোগ দিয়েছেন। তাঁকে দলের অন্যতম সাধারণ সম্পাদক করে দেওয়া হয়েছে। আর এবার রবার্ট বলছেন, আমার এতবছরের অভিজ্ঞতা ও শিক্ষাকে ফেলে রাখা ঠিক হবে না। এটিকে আরও ভালোভাবে ব্যবহার করতে হবে। অভিযোগের পর্ব শেষ হলে আমি চাই মানুষের জন্য কাজ করে আরও বড় ভূমিকা নিতে।
রবার্ট বলছেন, মাসের পর মাস, বছর ধরে আমি প্রচারের কাজে যুক্ত থেকেছি। দেশের বিভিন্ন জায়গা ঘুরলেও মূলত উত্তরপ্রদেশে বেশি কাজ করেছি। মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, স্নেহ-সম্মান করেছে। তাই মানুষের জন্য কিছু করার ভাবনা মনে জেগেছে।
রবার্ট ভডরার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। যার জেরে পরপর তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে পড়তে হয়েছে। বিদেশে বেনামে সম্পত্তি তৈরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যা নিয়ে রবার্টের অভিযোগ, দেশের আসল সমস্যা থেকে চোখ ঘোরানোর জন্য তাঁকে কেন্দ্র সরকার টার্গেট করছে।












Click it and Unblock the Notifications