সোনা-রুপো নয়, বস্তা বস্তা চুল লুঠ করে পালাল ডাকাতের দল
নাগপুরে ডাকাতরা ৭৯ কেজি বস্তাবন্দি চুল লুঠ করে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে নাগপুর-হায়দরাবাদ হাইওয়েতে।
সোনা-রুপো চুরি-ডাকাতির কথা অনেক শোনা গিয়েছে। তবে মহারাষ্ট্রের নাগপুরে যা ঘটল তা বিশ্বাস করা খানিক কষ্টকর। ডাকাতরা ৭৯ কেজি বস্তাবন্দি চুল লুঠ করে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে নাগপুর-হায়দরাবাদ হাইওয়েতে।

প্রদীপ নারলা (২৮) অন্ধ্রপ্রদেশের রঙ্গরেড্ডির বাসিন্দা। শনিবার রাতে তিনি হাইওয়ে দিয়ে ফিরছিলেন। সঙ্গে ছিল ৭৯ কেজি চুল। যার দাম ১৫ হাজার টাকা। অভিযোগ, ফেরার পথে ৩-৪জন যুবক রুইখাইরি এলাকায় গাড়ি থামিয়ে দেয়।
তারপরই গাড়ি থেকে চুলের বস্তা লুঠ করে পালায়। তিনি যখন ফিরছিলেন, দুর্বৃত্তরা গাড়ি নিয়ে আচমকা পথ আগলে দাঁড়ায়। তাঁর গাড়ির ক্ষতি হবে ভেবে গাড়ি দাঁড় করালেই ওই তিন-চার যুবক নেমে এসেই মারধর শুরু করে। প্রদীপকে খানিক মারার পরে বস্তা নিয়ে পালিয়ে যায়।
ডাকাতরা পালিয়ে গেলে প্রদীপ স্থানীয় বুটিবরি পুলিশ স্টেশনে যান। অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা সকলেই ২০-২৪ বছর বয়সের মধ্যে ছিল। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৯২, ৩৪১ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেছে। এখনও কোনও অভিযুক্ত ধরা পড়েনি।












Click it and Unblock the Notifications