গান্ধীজীর হত্যাকারীর নামে রাস্তা, চাপে পড়ে দ্রুত সরল গডসের নামাঙ্কিত সাইনবোর্ড
কর্ণাটকে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামে রাস্তার নামকরণের পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। জাতীর জনকের হত্যাকারীর নামে নাকি দেশে রাস্তার নামকরণ। নাথুরাম গডসের নামাঙ্কিত একটি কংক্রিট সাইনবোর্ডের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পরেই বিতর্কের শুরু। শেষে সেই সাইনবোর্ড তুলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সাইনবোর্ডে কন্নড় ভাষায় লেখা ছিল 'পাদুগিরি নাথুরাম গডসে রাশতে' যা অনুবাদ করলে 'পাদুগিরি নাথুরাম গডসে রোড'। রিপোর্ট অনুযায়ী, উদুপি জেলার বোলা গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। গান্ধীর হত্যাকারীর নামে রাস্তার নামকরণের বিষয়টি যুব কংগ্রেসের নেতারা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের নজরে নিয়ে আসেন। গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা তৎপর হয়ে পুলিশের সহায়তায় নামের বোর্ডটি সরিয়ে ফেলেন।
বোলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক (পিডিও) রাজেন্দ্র সংবাদপত্রকে জানিয়েছেন যে সোমবার সকালে বিষয়টি নজরে আসে। পিডিও বলেছেন, "পঞ্চায়েতে কখন এবং কে এই সাইনবোর্ড লাগিয়েছে তার আমার জানা নেই। গডসের নামে রাস্তার নামকরণের জন্য গ্রাম পঞ্চায়েত কোনও প্রস্তাব নেয়নি। সেখানে ওই কংক্রিট নামের বোর্ড কারা স্থাপন করেছে তা আমরা জানি না। তাই, খবর পাওয়ার পর শীঘ্রই আমরা কারকালা গ্রামীণ পুলিশকে সেখান থেকে ওটা অপসারণের জন্য সাহায্য চেয়েছিলাম।"
রিপোর্ট অনুসারে এই ঘটনায় কারকালা গ্রামীণ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে। শীঘ্রই তালুক পঞ্চায়েতে একটি বিশদ প্রতিবেদন জমা দেওয়া হবে। গ্রামের সূত্রে খবর অন্তত দিন দুই আগে ওই সাইনবোর্ড লাগানো হয় কিন্তু সোমবার তা নজরে আসে। পাদুগিরি গ্রামের রাস্তাটি কিছুদিন আগে কারকালা তালুক পঞ্চায়েত কংক্রিটের বানিয়ে দিয়েছিল।"
জেলা পঞ্চায়েতের সিইও এইচ প্রসন্ন বলেছেন, "কিছু দুর্বৃত্ত নাথুরাম গডসের নামে রাস্তার নামকরণের বোর্ড লাগিয়েছিল। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ খবর পাওয়ার পরই তুলে দেওয়া হয়। আমি কারকালা তালুক পঞ্চায়েত ইওকে ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। আধিকারিকদের সাইনবোর্ড বসানো দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে,"। এই ঘটনায় কংগ্রেস নেতা এবং সাংসদ মানিকম ঠাকুর রাজ্যে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে গডসের আদর্শ ও দর্শন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগ এনেছেন।
ঠাকুর বলেন, "কর্নাটকের মানুষ যখনই সুযোগ পাবে আরএসএস এবং বিজেপিকে কড়া জবাব দেবে। কর্ণাটক এমন একটি রাজ্য যা গান্ধীবাদে বিশ্বাস করে। আমি আশা করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই নামটি যেখানেই উল্লেখ করা হয়েছে তা সরিয়ে দেবেন। " ।












Click it and Unblock the Notifications