এক্সিট পোলের অনুমানের থেকে দলের ফল অনেক ভাল হবে! আত্মবিশ্বাসী কংগ্রেসের রাজ্য নেতারা
শনিবার সপ্তম দফার নির্বাচন শেষ হওয়ার পরে প্রায় সব এক্সিট পোলে অনুমান করা হয়েছে এবারও ক্ষমতায় আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। অন্যদিকে কংগ্রেসের ফল ২০১৯-এর থেকে ভাল হলেও, তেমন কিছু হবে না। যদিও এব্যাপারে এক্সিট পোলের অনুমানকে গুরুত্ব দূতে রাজি নন বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতারা।
কর্নাটক, মহারাষ্ট্র, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যের কংগ্রেস নেতারা দাবি করছেন, এক্সিট পোলে যা অনুমান করা হয়েছে, তার থেকে দল ভাল ফল করবে। সেইসব নেতাদের আরও দাবি ইন্ডিয়া ব্লক পরবর্তী সরকার গঠন করবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এবং বিভিন্ন প্রদেশ সভাপতিরা সংবাদ মাধ্যমের সামনে অনলাইন আলোচনায় এমনটাই দাবি করেছেন।

- কী বলছেন বিভিন্ন রাজ্যের কংগ্রেস সভাপতিরা
জয়রাম রমেশের সঙ্গে আলোচনায় অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেছেন, দল অসম থেকে অন্তত সাতটি আসনে জয় পাবে। ওই নেতা আরও দাবি করেছেন, বিজেপির অভ্যন্তরীণ কোনু্দল এবং ইন্ডিয়া ব্লকের প্রভাব কংগ্রেসকে উপকৃত করবে।
বিহার কংগ্রেসের প্রধান অখিলেশ প্রসাদ সিং বলেছেন, রাজ্যে যে নটি আসনে কংগ্রেস লড়াই করেছে, তার মধ্যে ৬-৭ টি আসনে তারা জয়ী হবেন।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, রাজ্যে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা শক্ত হলেও কংগ্রেস জয়ী হবে। তিনি আশা প্রকাশ করেছেন, সেখানে বিধানসভার যে ছটি আসনে উপনির্বাচন হয়েছে, সেগুলিতে জয় পাবে কংগ্রেসই।
পঞ্জাব বিধানসভায় বিরোধী দলের নেতা প্রতাপ সিং বাজওয়া বলেছেন, বিভিন্ন সমীক্ষায় কংগ্রেসকে সাত থেকে নটি আসন দেওয়া হয়েছে। তিনি বলেছেন, কংগ্রেস রাজ্যের তেরোটি আসনের মধ্যে নটিতে জয় পাবে, আপ একটিতে। বাকি তিনটিতে জয়ী হবেন অন্যরা, যা কোনওভাবেই এনডিএ কিংবা প্রধানমন্ত্রীকে সাহায্য করবে না। তিনি দাবি করেছেন, পঞ্জাব থেকে ইন্ডিয়া ব্লক দশটি আসন পাবে, সেখানে এনডিএ একটি আসনও পাবে না।
দক্ষিণের রাজ্য কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেছেন, রাজ্যে ক্ষমতায় আসার পরে কংগ্রেসল তাদের গ্যারান্টিগুলি পূরণ করেছে। ফলে তিনি মনে করছেন ২৮ টি আসনের দুই তৃতীয়াংশে কংগ্রেস জয়ী হবে।
এছাড়া উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই, হরিয়ানার কংগ্রেসের সভাপতি উদয় ভান, রাজস্থান কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসরা এবং মহারাষ্ট্রের প্রদেশ সভাপতি নানা পাটোলে দাবি করেছেন, তাঁদের নিজের নিজের রাজ্যে কংগ্রেস ভাল ফল করবে।
- এক্সিট পোলকে নিশানা রমেশের
উল্লেখ করা প্রয়োজন, পোল অফ দ্য পোলসে বলা হচ্ছে এবারের নির্বাচনে এনডিএ পেতে পারে ৩৩৯-৩৫৬ টি আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৫১-১৬৪ টি আসন। অন্যরা পেতে পারে ৩৩-৩৮ টি আসন।
ভার্চুয়াল বৈঠকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, এই এক্সিট পোল রাজ্যে রাজ্যে কংগ্রেস কর্মীদের মনোবল কমানোর কমাতে বিজেপির মনস্তাত্ত্বিক খেলা। তিনি এইসব এক্সিট পোলের সমালোচনা করে বলেছেন, এগুলো ভুয়ো। নির্বাচনে কারচুপিকে ন্যায্যতা দিতে প্রচেষ্টা বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications