ভুয়ো কল নিয়ে ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক বার্তা রিজার্ভ ব্যাঙ্কের
ভুয়ো কল নিয়ে ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক বার্তা রিজার্ভ ব্যাঙ্কের
'হ্যালো ব্যাঙ্ক থেকে বলছি, আপনার ডেবিট কার্ডের পিন বলুন, নাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে', 'আপনার কাছে এখুনি একটা ওটিপি গিয়েছে, সেটা একটু বলুন', কিংবা 'আপনি লটারি জিতেছেন এই লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন ১লাখ নগদ টাকা পুরস্কার'। এইসব ফোন কল কিংবা মেসেজ হামেশাই আসে কম বেশি সকলের মোবাইলে। কিন্তু এই সকল মেসেজ বা কলের আড়ালেই লুকিয়ে আছে 'সাইবার ক্রাইম'-এর অন্ধকার দিক। সাবধান! একবার এই ফাঁদে পা দিলেই নিমেষে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

রিজার্ভ ব্যাঙ্কের সচেতনতা
দিন দিন লেগাতার বেড়েই চলেছে নানা রকম সাইবার ক্রাইম। তার মধ্যে অন্যতম হল বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের ফোন করে ছলনার আশ্রয় নিয়ে ওটিপি, পিন নম্বর কিংবা লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করে সেই সকল গ্রাহকের সরলতার সুযোগ নিয়ে তাঁদের সর্বস্ব লুট করা। আর লাগাতার বাড়তে থাকা এই অপরাধের বিরুদ্ধে এবার নয়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সতর্কতা ও সচেতনতা
সম্প্রতি, নানা রকম ভুয়ো কল, ইমেল, ওটিপি স্ক্যামের বিরুদ্ধে দেশের সাধারণ নাগরিক তথা ব্যাঙ্ক গ্রাহকদের সচেতন করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এইসব অনলাইন ক্রাইমের বিরুদ্ধে কিভাবে নিরাপদ থাকতে হয় তা গ্রাহক এবং পরিষেবা প্রাপকদের জানানোর জন্য নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। "সচেতন থাকুন, সতর্ক থাকুন" শিরোনামে একটি নতুন পুস্তিকা প্রকাশ করেছে আরবিআই, যেখানে এসএমএস, ইমেল এবং কল সম্পর্কিত ক্রমবর্ধমান জালিয়াতির বিরুদ্ধে দেশের জনগনকে সতর্ক করার জন্য নানা রকম তথ্য এবং নির্দেশাবলী তুলে ধরা হয়েছে।

ব্যাঙ্ক জালিয়াতির বিরুদ্ধে পদক্ষেপ
আরবিআই ওমবডসম্যানের অফিসে নথিভুক্ত একাধিক জালিয়াতির অভিযোগের সংকলন নিয়ে পুস্তিকাটি তৈরি করা হয়েছে। পুস্তিকাটি প্রতারকদের দ্বারা ব্যবহৃত সাধারণ পদ্ধতি এবং বিভিন্ন আর্থিক লেনদেন করার সময় নানা খুঁটিনাটি বিষয় নিয়ে কেউ কীকরে সতর্কতা অবলম্বন করবেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। ডিজিটাল পেমেন্ট এবং অন্যান্য আর্থিক লেনদেন করার সময় ব্যাঙ্ক গ্রাহকদের উপর সংঘটিত বিভিন্ন ধরণের আর্থিক জালিয়াতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই তাঁদের এই নয়া কর্মসূচি, এমনটাই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর শান্তিকান্ত দাস।

সাবধান হোন এখুনি!
কিন্তু কীকরে কাজ করে এইসব অপরাধীরা? আইবিআই জানাচ্ছে, মূলত, প্রতারকরা টেলিফোন কলের মাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাঙ্কার বা কোনও নামী কোম্পানির নির্বাহী বা বীমা এজেন্ট বা সরকারী আধিকারিক ইত্যাদির পরিচয় দেয়৷ আস্থা অর্জনের জন্য, দালালরা গ্রাহকের নাম বা জন্ম তারিখের মতো কিছু গ্রাহকের বিবরণ দেয়। একবার প্রতারণাকারীরা গ্রাহকের বিশ্বাস জয় করতে সক্ষম হলে, তারা পাসওয়ার্ড, ওটিপি, পিন, কার্ড যাচাইকরণ মূল্য (সিভিভি) ইত্যাদির মতো গোপনীয় বিশদ ভাগ করে নেওয়ার জন্য গ্রাহকদের চাপ দেয়। তারপর তারা বাল্ক এসএমএস বা ইমেল পাঠিয়ে ভুলভাল লোকেদের ফোন নম্বর এবং জাল অনুমোদনপত্র, জাল চেকের কপি ইত্যাদি গ্রাহককে পাঠায়। আর এই ফাঁদে একবার পা দিলেই খালি হয়ে যাবে অ্যাকাউন্ট, তাই সাবধান হোন এখন থেকেই, জানিয়েছে আরবিআই।

প্রতারণা থেকে বাঁচার উপায়
আরবিআই-এর মতে, এই ধরনের কোনও এসএমএস এলে ভুলেও কোনও যে সে লিঙ্কে ক্লিক করা উচিৎ নয়। এই ধরনের লটারি জেতার মত ফাঁদ পাতা মেসেজ তৎক্ষণাৎ ডিলিট করে দেওয়া উচিৎ। অর্থ প্রদান বা অন্যান্য আর্থিক কাজ করতে সর্বদা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। আপনি অফিসিয়াল ব্যাঙ্কিং ওয়েবসাইট ব্যবহার করছেন কিনা তা নিশ্চিত করতে ওয়েবসাইটের ইউআরএল ভালো করে চেক করুন। মনে রাখা দরকার কোনও ব্যাঙ্ক কখনও ফোন করে গ্রাহকের কাছ থেকে কোনও পিন বা অ্যাকাউন্ট ডিটেল চায় না। মনে রাখা দরকার, নিজের ব্যাঙ্ক ডিটেল কখনও কারোর সঙ্গে ভাগ করে নেওয়া উচিৎ নয়। রাস্তাঘাটে ফোনে কখনও নিজের পিন বা ওটিপি বলা উচিৎ নয়। এমনটাই সাবধান বার্তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।












Click it and Unblock the Notifications