New Delhi CM: দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা
২৬ বছরেরও বেশি সময় পর দিল্লিতে ক্ষমতায় ফিরে এসেছে বিজেপি। আর এবার প্রথমবারের মতো নির্বাচিত বিধায়ক রেখা গুপ্তা আজ দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির (এএপি) ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় ফিরে এসেছে। আর আজকে সেই শাসন সাম্রাজ্যেরই আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করে নিলেন রেখা গুপ্তা।
ঐতিহাসিক রামলীলা ময়দানে জমকালো অনুষ্ঠানের মধ্যেই লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা নব্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী ও অন্যান্য প্রবীণ বিজেপি নেতা কর্মীদের সামনে শপথ বাক্য পাঠ করলেন রেখা গুপ্তা। তাঁর এই শপথ বাক্য পাঠের সাথে সাথেই দিল্লি পেয়ে গেল তাঁদের চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রীকে।

সুষমা স্বরাজ (বিজেপি), শীলা দীক্ষিত (কংগ্রেস) এবং আতিশী (এএপি) এর পরে তিনি রাজধানীর চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হলেন। তাঁর পাশাপাশি, ছয় নবনির্বাচিত বিধায়ক - প্রবেশ বর্মা, কপিল মিশ্র , আশীষ সুদ, পঙ্কজ সিং, মনজিন্দর সিং সিরসা এবং রবীন্দ্র ইন্দ্রাজ - নতুন মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে শপথ নিলেন।
বুধবার সন্ধ্যায় বিজেপির আইনসভা দলের বৈঠকে দিল্লি বিধানসভায় রেখা গুপ্তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। এরপর ৫০ বছর বয়সী রেখা গুপ্তা দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সাথে দেখা করেন এবং সরকার গঠনের দাবি জানান।
উল্লেখ্য, এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী 'মুখ' নিয়ে চরম জল্পনা চলছিল। উঠে এসেছিল একাধিক নাম। তবে প্রথমবারের এই বিধায়ককেই মুখ্যমন্ত্রী করে বেছে নিল বিজেপি। প্রবেশ বর্মা, সতীশ উপাধ্যায়, বিজেন্দর গুপ্তারাই পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছিলেন। উল্লেখ্য, এই তিনজনের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলেই জোর জল্পনা ছিল রাজনৈতিক মহলে। তবে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করে মহিলা এবং বণিকদের ভোট সমীকরণ মেলানোর অসাধারণ চেষ্টা বজায় রাখল বিজেপি।












Click it and Unblock the Notifications