Recruitment scam: প্রায় ১৯ হাজার প্রার্থীর নিয়োগ বৈধ! প্রথমবার সুপ্রিম কোর্টে মানল SSC
Recruitment scam: চাকরি বাতিল মামলায় চাঞ্চল্যকর মোড়। মামলার শুনানিতে যোগ্য প্রার্থী ঠিক কতজন তা জানাল স্কুল সার্ভিস কমিশন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আর সেই শুনানিতে যোগ্য প্রার্থী ঠিক কতজন তা প্রথমবারের জন্য জানাল এসএসসি।
যদিও মৌখিক ভাবে এই বিষয়ে এদিন তা জানান স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। এই বিষয়ে তথ্য প্রমাণ আদালতে পেশ করতে হবে। আর তা কী দেয় সেদিকেই নজর সবার। কলকাতা হাইকোর্ট প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয়। এই নির্দেশে অযোগ্যদের পাশাপাশি যোগ্য প্রার্থীদেরও চাকরি বাতিল হয়ে যায়।

যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মামলা করে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদও। আজ মঙ্গলবার সেই সংক্রান্ত মামলার শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। আর সেখানে এসএসসিস্পষ্ট জানিয়ে দেয় যে, তাঁরা অযোগ্যদের চাকরি বাতিলের পক্ষে সওয়াল করবে না। তবে ১২ শতাংশ হারে সুদ দিয়ে টাকা ফেরতের বিষয়টি ভেবে দেখার আবেদন জানায় এসএসসি।
আর তা বলতে গিয়ে প্রথমবারের জন্য যোগ্য প্রার্থীর সংখ্যা ঠিক কত তা জানাল এসএসসি। কমিশনের তথ্য অনুযায়ী, ১৯ হাজার চাকরি প্রাপক যোগ্য। তাদের মেধার ভিত্তিতে নিয়োগ করা হয়েছে বলেও জানায় এসএসসি'র আইনজীবীর। কিন্ত্য এতদিন কেন এই বিষয়ে এসএসসি জানায়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বলে রাখা প্রয়োজন, কারা যোগ্য এবং অযোগ্য তা বলা সম্ভব নয় বলে আগে জানায় এসএসসি। সম্প্রতি একেবারে ইউ টার্ন করে কমিশন বলে, যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব। আর সেই সংক্রান্ত তথ্য আদালতে জমা দেওয়ার কথাও বলা হয়। সেই মতো এদিন এসএসসি কি জানায় সেদিকেই নজর ছিল সবার।
অন্যদিকে মামলার শুনানিতে এদিন আরও বেশ কয়েকটি বিষয় সামনে আসে। বিশেষ করে সবার চাকরি চলে গেলে শিক্ষক কোথা থেকে পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী। সিনিয়র শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে। এর পরে আগামিদিনে স্কুলগুলির জন্য প্রধান শিক্ষক পাওয়া যাবে না বলেও প্রধান বিচারপতিকে জানানো হয়।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পর্ষদের আইনজীবী উদাহরণ দিয়ে বলেন, মাথা ব্যথা হচ্ছে বলে পুরো মাথা কেটে দেব এটা হতে পারে না! প্রথমার্ধের শুনানি শেষ হয়েছে। দুপুর ২ টোর পর থেকে ফের মামলার শুনানি হবে।












Click it and Unblock the Notifications