আতঙ্ক বাড়িয়ে ২২২ দিনের মধ্যে ফের 'রেকর্ড ব্রেক' করোনা সংক্রমণ দেশে
করোনা সংক্রমণে রেকর্ড
নতুন বছরের প্রথম সপ্তাহ শেষের পরেও পরিস্থিতি যে কে সেই! বরং পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে ভালোর বদলে বেশ খারাপের দিকেই যাচ্ছে দেশের করোনা সংক্রমণের রিপোর্ট কার্ড। গোটা ভারত জুড়ে যেভাবে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ তাতে চিন্তার ভাঁজ ক্রমশই চওড়া হচ্ছে বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের কপালে। লাগাতার করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার করে চলেছে প্রশাসন। কিন্তু তাও নাগরিকদের মধ্যে অনেক সময় যেভাবে বেপরোয়া মনোভাব এবং অসচেতনতার লক্ষণ দেখা যাচ্ছে সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য একেও অনেকাংশে দায়ী করছেন চিকিৎসক তথা বিশেষজ্ঞ মহল।

২২২ দিনে শীর্ষে সংক্রমণ
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে ভারতে এক দিনে ১,৫৯,৬৩২ জন নতুন করে করোনা আক্রন্ত হয়েছেন। যা গত প্রায় ২২২ দিনের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বৃদ্ধি পেয়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। ১কদিনে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪,৭২,১৬৯ জন। যা বিগত প্রায় ১৮৭ দিনের মধ্যে সর্বোচ্চ। আক্রান্ত এবং সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারনে দেশে এক লাফে বেশ কিছুটা বৃদ্ধি পেল পজিটিভিটি রেটও। এই মুহূর্তে দেশের করোনা পজিটিভিটি রেট হল ১০.২১ শতাংশ।

বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা
এই মুহূর্তে গোটা বিশ্বে সুনামির মত আছড়ে পড়েছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। সেই তালিকায় বাদ নেই আমাদের দেশও। ভারতে যেভাবে বেড়ে চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা তাতে আগামী মার্চ এপ্রিল মাসে সংক্রমণের শিখরে পৌঁছবে দেশ, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আর জানুয়ারির প্রথম সপ্তাহান্তেও বেশ উপরের দিকেই রইল দেশের ওমিক্রন গ্রাফ। ভারতের করোনা কবলিত ২৭ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রিপোর্ট অনুযায়ী, ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,৬২৩ জন। অবশ্য স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এঁদের মধ্যে বর্তমানে ওমিক্রন মুক্ত হয়েছেন ১,২০৩জন।

শীর্ষ স্থানে বহাল মহারাষ্ট্র
এদিকে করোনা সংক্রমণে শীর্ষ স্থান বজায় রাখল মহারাষ্ট্র। সবথেকে খারাপ অবস্থা মুম্বইয়ে। মুম্বইয়ে একদিনে সংক্রমিত হয়েছেন ২০,৩১৮ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। সোমবার থেকে স্কুল-কলেজ বন্ধ করে দিচ্ছে মহারাষ্ট্র সরকার। স্কুলে শুধু দশম-দ্বাদশ শ্রেণির প্রয়োজনীয় কাজ ছাড়া আর কিছু হবেনা বলে নির্দেশিকা জারি করেছে উদ্ধব ঠাকরে সরকার। পাশাপাশি সুইমিং পুল, জিম, স্পা, চিড়িয়াখানা, বিউটি পার্লার, বিনোদন পার্ক সব বন্ধ রাখার নির্দেশিকা জারি হয়েছে। শপিং মল কিংবা বাজার খোলা থাকলেও সর্বোচ্চ ৫০ শতাংশ গ্রাহকের উপস্থিতি পর্যন্ত ছাড় দেওয়া হবে। মহারাষ্ট্রের সর্বত্রই পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। এদিকে এই রাজ্যের মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের সিবিআই অফিসের ৬৮ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

'হু'এর হুঁশিয়ারি
প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বেশিরভাগ দেশে লাগাতার যেভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা তাতে ফের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই যত দ্রুত সম্ভব জনস্বাস্থ্য ও সামাজিক ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে 'হু'।












Click it and Unblock the Notifications