গুজরাত নির্বাচনে জিততে বিদ্রোহী কংগ্রেস বিধায়করাই ভরসা বিজেপির
মোট ১৪জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে দাঁড় করাতে চলেছে বিজেপি।
আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ল্যাজেগোবরে করতে আসরে নেমে পড়েছে বিজেপি। কাঁটা দিয়েই কাঁটা তুলতে চাইছে বিজয় রূপানির দল। মোট ১৪জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ককে নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে দাঁড় করাতে চলেছে বিজেপি।

বিরোধীরা কংগ্রেসের নেতৃত্বে জোট গড়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে কোমর বাঁধছে। তার পাল্টা হিসাবে বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের দলে নিয়ে মোক্ষম জবাব দিতে মরিয়া বিজেপি। প্রাক্তন এই কংগ্রেস বিধায়কদের নিজেদের আসন ধরা রাখার নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব।
ওবিসি নেতা অল্পেশ থাকোর কংগ্রেসে যোগ দিলেও বিজেপি ততটা চিন্তিত নয়। কারণ আর এক নেতা ভরতসিং সোলাঙ্কি বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিদ্রোহী ১২জন কংগ্রেস বিধায়ক আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়াতে চলেছেন।
এর পাশাপাশি শঙ্করসিং বাঘেলা ও তাঁর পুত্র মহেন্দ্রসিং নতুন দল তৈরি করলেও বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়বেন। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে যে ফর্মুলায় বাজিমাত করেছিল গেরুয়া শিবির এখানেও সেই একই ফর্মুলা নিতে চলেছে। বিরোধী দল থেকে নেতা ভাঙিয়ে নিজেদের দলে ভিড়িয়েছে বিজেপি। এখন দেখার সেই ঘটনা কতটা রাজনৈতিক সুবিধা এনে দেয় শাসক শিবিরকে।












Click it and Unblock the Notifications