রাতের মধ্যেই ভোলবদল! বিধায়কদের মতবদলে কর্নাটকে আশার আলো দেখছে জোট সরকার
রাতের মধ্যেই খানিকটা যেন স্বস্তি পেল কংগ্রেস তথা কংগ্রেসের জোট সরকার। বিদ্রোহী কংগ্রেস বিধায়ক রামালিঙ্গ রেড্ডি জানিয়েছেন, তিনি ইস্তফাপত্র প্রত্যাহার করে নিচ্ছেন।
রাতের মধ্যেই খানিকটা যেন স্বস্তি পেল কংগ্রেস তথা কংগ্রেসের জোট সরকার। বিদ্রোহী কংগ্রেস বিধায়ক রামালিঙ্গ রেড্ডি জানিয়েছেন, তিনি ইস্তফাপত্র প্রত্যাহার করে নিচ্ছেন। আর মুখ্যমন্ত্রী কুমারস্বামী যে আস্থা ভোট চেয়েছেন তার পক্ষেই তিনি ভোট দেবেন।

সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বিধানসভার অধিবেশনে তিনি অংশ নেবেন। একই সঙ্গে তিনি দলের সঙ্গে থাকার অঙ্গীকারও করেছেন। আগে অপর এক কংগ্রেস বিধায়ক দলের পক্ষেই ভোট দেবেন বলে জানিয়েছিলেন।
রামালিঙ্গ রেড্ডি কর্নাটকের প্রাক্তন মন্ত্রীও বটে। আর কংগ্রেসের বিদ্রোহী ১৩ জন বিধায়কের অন্যতম। এই ১৩ বিধায়ক ছাড়াও জনতাদলের ৩ জন বিধায়ক বিধানসভার অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র দিয়েছিলেন। রাজ্যের ১৪ মাসের জোট সরকারের বিরুদ্ধে তাঁরা অনাস্থা প্রকাশ করেছিলেন। যদিও এখনও পর্যন্ত বিধায়ক সংখ্যার নিরিখে কর্নাটকের জোট সরকার খাদের কিনারায় দাঁড়িয়ে।
অন্যদিকে, বেশিরভাগ বিদ্রোহী বিধায়ক এই মুহুর্তে মুম্বইতে রয়েছেন। ফলে তাঁদের ইস্তফা প্রত্যাহার কিংবা বিধানসভার অধিবেশনে অংশ নেওয়ার কোনও প্রশ্নই নেই। কিন্তু রামালিঙ্গ রেড্ডি বেঙ্গালুরুতেই ছিলেন। জল্পনা চলছিলই কংগ্রেস এই বিধায়ককে বোঝানোর চেষ্টা চালাচ্ছে। আস্থা ভোটের বেশ কয়েকঘন্টা আগে রেড্ডি জানান, তিনি ৬ জুলাই জমা দেওয়া ইস্তফাপত্র প্রত্যাহার করে নেবেন।












Click it and Unblock the Notifications