RBI Policy: অপরিবর্তিত রেপো রেট, মুদ্রাস্ফীতি নিয়ে সতর্কবাণী রিজার্ভ ব্যাঙ্কের; কবে কমবে খাদ্যপণ্যের দাম?
RBI Policy Meeting: দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে বৈঠক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। কেন্দ্রীয় ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। মুদ্রাস্ফীতি নিয়ে সতর্কবার্তার পাশাপাশি রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানালেন তিনি।
দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলিকে যে হারে রিজার্ভ ব্যাঙ্ক ঋণ প্রদান করে, তাকে বলা হয় রেপো রেট। এই সুদের হারে ওঠানামার উপর নির্ভর করে ব্যাঙ্কগুলির সুদের হারও। ঋণ নেওয়ার খরচ থেকে আমানতে সুদের পরিমাণ, সবই নির্ভরশীল রেপো রেটের উপর। তবে অগাস্ট মাস থেকে ৬.৫ শতাংশে তা অপরিবর্তিতই রেখেছে আরবিআই। এমপিসির বৈঠকেও তা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

ভারতে আর্থিক বৃদ্ধির হার ৮ শতাংশ বলে জানালেন শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে খাদ্যপণ্যের দামও (Food Inflation) চড়া থাকবে বলে জানালেন আরবিআই গভর্নর। তবে শেষ তিন মাসে কমতে পারে খাদ্যপণ্যের দাম। অক্টোবরে মুদ্রাস্ফীতি (Inflation) সর্বোচ্চ সীমা ছাড়িয়েছে। ভোগব্যয়ে সংকোচনের জেরে প্রভাব পড়েছে জিডিপিতেও (GDP)। চলতি অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি ৬.৬ শতাংশে শেষ হতে পারে বলেও জানিয়েছেন আরবিআই গভর্নর।
উৎপাদন শিল্পের ক্ষেত্রে বেশকিছু জায়গায় দুর্বলতা রয়েছে বলে উল্লেখ আরবিআই গভর্নরের। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি নিয়েও হতাশা ব্যক্ত করলেন তিনি। জুলাই থেকে সেপ্টেম্বেরে প্রত্যাশার নিচে ছিল দেশের জিডিপি। চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার গিয়ে দাঁড়াতে পারে ৪.৮ শতাংশে।
এদিকে ভোগব্যয় বাড়াতে ব্যাঙ্কের হাতে নগদ রাখার পরিমাণ কমিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। ক্যাশ রিজার্ভ বা নগদ জমার অনুপাত ৪ শতাংশে নামিয়ে আনল কেন্দ্রীয় ব্যাঙ্ক। গত অক্টোবরে কমেছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ বা এফপিআই। বিনিয়োগ বাড়াতে বিদেশি মুদ্রায় অনাবাসীদের সঞ্চয়ের উপর সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।
কৃষকদের জন্যও বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাঙ্কের। কৃষকদের কোল্যাটেরাল ফ্রি লোন অর্থাৎ বিনা শর্তে ঋণ প্রদানের সীমা ১.৬ লক্ষ থেকে ২ লক্ষ টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করা হল। এবার থেকে জনসংযোগের নতুন মাধ্যম হিসেবে পডকাস্ট আনতে চলেছে আরবিআই। জনসংযোগের পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে পডকাস্ট আনার সিদ্ধান্ত জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।












Click it and Unblock the Notifications