Safest Banks in India: দেশের এই তিন ব্যাঙ্কে সবচেয়ে নিরাপদ থাকবে আমানত, তালিকা প্রকাশ রিজার্ভ ব্যাঙ্কের
Safest Banks in India: ভারতে বর্তমানে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (Public Banks) রয়েছে। বেসরকারি ব্যাঙ্কের (Private Banks) সংখ্যা ২১টি। কোটি কোটি গ্রাহক তাদের আমানত গচ্ছিত রেখেছেন এই ৩৩টি ব্যাঙ্কে। এর মধ্যে কোন কোন ব্যাঙ্কে টাকা রাখা সবচেয়ে নিরাপদ, সেই তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)।
বিগত সালের মতোই এবছরও দুটি বেসরকারি ব্যাঙ্ক ও একটি সরকারি ব্যাঙ্ক রয়েছে সর্বোচ্চ নিরাপদ ব্যাঙ্কের তালিকায়। ২০২৪ সালে সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকায় ক্রমান্বয়ে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এইচিডিএফসি ব্যাঙ্ক (HDFC) ও আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI)। তিনটি ব্যাঙ্ককেই ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাঙ্ক বা ডি-এসআইবি (D-SIB) মর্যাদা দিল রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, উক্ত তিন ব্যাঙ্কের ভূমিকা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিন ব্যাঙ্কের একটিতেও কোনও রকম অচলাবস্থার সৃষ্টি হলে তার প্রভাব পড়তে পারে দেশের অর্থনৈতিক স্থিতাবস্থার উপরেও (Financial Stability)। তাই এই তিন ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা থেকে নিরাপত্তা জোরদার করছে কেন্দ্রীয় সরকার।
ডি-এসআইবি স্টেটাসের অর্থ হল এই তিন ব্যাঙ্কের হাতে অতি অবশ্যই অতিরিক্ত মূলধন থাকতে হবে। ব্যাঙ্কিংয়ের ভাষায় যাকে কমন ইক্যুয়িটি টিয়ার ওয়ান (CET1) বলা হয়। কোনওপ্রকার ক্ষতি বা ঝুঁকি এড়াতে এই মূলধন রাখা আবশ্যিক। রিজার্ভ ব্যাঙ্কের তালিকায় ব়্যাঙ্কিং অনুযায়ী এই অতিরিক্ত মূলধনের পরিমাণের হেরফের হয়।
বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় রাখতে ২০১৪ সালে এই ডি-এসআইবি স্টেটাস পদ্ধতি চালু করে রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৫ সালে এসবিআই, ২০১৬ সালে আইসিআইসিআই ও ২০১৭ সালে এইচডিএফসি ব্যাঙ্ককে একে একে তালিকাভুক্ত করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উল্লেখ্য, কোনওপ্রকার ঝুঁকি মোকাবিলায় ২০২৫-এর পয়লা এপ্রিল থেকে স্টেট ব্যাঙ্ককে ০.৮১ শতাংশ, এইচডিএফসির ০.৪০ শতাংশ ও আইসিআইসিআই ব্যাঙ্ককে ০.২০ শতাংশ বাড়তি মূলধন রাখতে হবে।












Click it and Unblock the Notifications