'এটা বাজেট নয়, দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক', প্রতিক্রিয়ায় চমকালেন পাসোয়ান
রামবিলাস পাসোয়ান বাজেট পেশের পর এই বাজেটকে এনডিএ সরকারের দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক বলে আখ্যা দিলেন।
এনডিএ সঙ্গী দল লোক জনশক্তি পার্টির প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান বাজেট পেশের পর এই বাজেটকে এনডিএ সরকারের দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক বলে আখ্যা দিলেন। বিরোধীরা এই ধাক্কা সামলাতে না পেরে একেবারে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে বলেও মনে করছেন তিনি।

পাসোয়ান বলেছেন, সীমান্তে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। জওয়ানরা বুলেট নিয়ে লড়াই করেছে। এখানে আমরা ব্যালট নিয়ে লড়াই করব। মানুষ ঠিক করবে যে এনডিএ ৪০০টি আসনে জিতবে। নরেন্দ্র মোদী ফের একবার প্রধানমন্ত্রী হবেন।
বাজেট স্তূতি করে পাসোয়ান বলেছেন, আগে কোনও সরকার কৃষকদের জন্য এতটা করেনি। ক্রিকেটের ভাষায় মোদী সরকার ছক্কা হাঁকিয়েছে এবং বিরোধীরা বল খুঁজে পাচ্ছে না।
কেন্দ্র কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২ হেক্টরের কম জমি থাকলে এই সুবিধা পাওয়া যাবে। ২ হাজার টাকা করে তিনটি ধাপে কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে। ডিসেম্বর ২০১৮ থেকে তা কার্যকর হবে। ফলে খুব তাড়াতাড়ি কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
এছাড়া এদিন আয়করে ছাড়ের সীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর ফলে কয়েক কোটি কর দাতাকে এর মধ্যে আয় হলে কোনও আয়কর দিতে হবে না। এর পাশাপাশি বীমা সহ নানা খাতে দেড় লক্ষ টাকা অতিরিক্ত কর ছাড় হওয়ায় সবমিলিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কোনও কর দিতে হবে না।












Click it and Unblock the Notifications