Ram Mandir: রামলালার মূর্তির অলঙ্কার ও অঙ্গবস্ত্র তৈরি হয়েছে কোথায়? জেনে নিন সাজ সংক্রান্ত বিস্তারিত তথ্য
Ram Mandir: রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো আজ। ৫০০ বছরের প্রতীক্ষার শেষে জন্মভূমিতে নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত হলেন শ্রী রামচন্দ্র। ৫১ ইঞ্চি উচ্চতার বিগ্রহে সহাস্য রামকে উপস্থাপিত করা হয়েছে ৫ বছরের বালক হিসেবে।
রামলালার মূর্তিকে সাজানোর পিছনেও রয়েছে অনেক গবেষণালব্ধ বিষয়। আধ্যাত্ম রামায়ণ, বাল্মিকী রামায়ণ, রামচরিতমানস ও আলবন্দার স্ত্রোত্রে বর্ণিত রামের বেশ সংক্রান্ত তথ্য সংগ্রহ করেই।

অযোধ্যার কবি যতীন্দ্র মিশ্রর নির্দেশ মেনে লখনউয়ের হরশাইমল শিয়ামল জুয়েলার্স অলঙ্কারগুলি তৈরি করেছে। রামলালার পরনে রয়েছে হলুদ রংয়ের ধুতি, রয়েছে লাল পতাকা বা অঙ্গবস্ত্র যা বেনারসি দিয়ে তৈরি। অঙ্গবস্ত্রে রয়েছে শুদ্ধ সোনার জরি। এ ছাড়াও অঙ্গবস্ত্রটিতে রয়েছে শঙ্খ, পদ্ম, চক্র, ময়ূরের ছবি। দিল্লির টেক্সটাইল ডিজাইনার মণীশ ত্রিপাঠী এই অঙ্গবস্ত্র তৈরির দায়িত্বে ছিলেন।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মুকুটটি তৈরি হয়েছে উত্তর ভারতীয় ঐতিহ্য অনুসারে। সোনার মুকুটে রয়েছে হিরে, চুনি ও পান্না। মুকুটের মাঝে সূর্য দেবকে তুলে ধরা হয়েছে। এ ছাড়াও মুকুটটি অলঙ্কৃত করতে ব্যবহৃত হয়েছে মুক্ত। এ ছাড়াও মুকুটটিকে পূর্ণতা দিতে সোনা, হিরে, চুনি, পান্না দিয়ে তৈরি করা হয়েছে কুণ্ডল।
মূর্তির গলায় পরানো হয়েছে নেকলেস। রত্নখচিত এই গলার হারটি অনেকটা ফুলের মতো ডিজাইন করা, যা সৌভাগ্য সূচিত করে। এর মধ্যিখানেও রয়েছেন সূর্য দেব। এই নেকলেস তৈরিতেও ব্যবহার করা হয়েছে সোনা, হিরে, চুনি ও পান্না। রামলালার মূর্তির বুকের মাঝে রাখা হয়েছে কৌস্তুভ মণি। বিষ্ণু মূর্তিতেও এমন মণি দেখা যায়। যা তৈরি হয়েছে বড় চুনি ও হিরে দিয়ে।
গলা থেকে নাভির উপর অংশ পর্যন্ত রয়েছে হিরে, পান্না দিয়ে তৈরি করা আরেকটি নেকলেস, এটিতে একটি বড় লকেট রয়েছে। সবচেয়ে বড় যে নেকলেস বা মালাটি পরানো রয়েছে তার নাম বৈজয়ন্তী বা বিজয়মালা। সোনার তৈরি এই গয়নায় রয়েছে চুনি। সুদর্শন চক্র, পদ্ম, শঙ্খ, মঙ্গলকলস, চম্পা, পারিজাত, কুণ্ড, তুলসি-সহ বৈষ্ণব ঐতিহ্যের নানা চিহ্ন এতে তুলে ধরা হয়েছে।
মূর্তির কোমরে রয়েছে কাঞ্চি বা করধানি। সোনা দিয়ে তৈরি এই বিশেষ অলঙ্কারে রয়েছে হিরে, চুনি, পান্না, রত্ন। এতে দেখানো হয়েছে ছোট ছোট ঘণ্টা। সোনার তৈরি অলঙ্কার থেকে মুক্তো, চুনি, পান্না ঝুলতে দেখা যাচ্ছে। সোনা ও পাথর দিয়ে তৈরি ভুজবন্ধ রয়েছে মূর্তির দুই হাতে। এ ছাড়াও রয়েছে রত্মখচিত কঙ্গন ও মুদ্রিকা। দুই হাতেই রয়েছে রত্ন ও মুক্তো-সহ আংটি।
গোড়ালির কাছেও লাগানো হয়েছে বেশ কিছু অলঙ্কার, যেগুলি হিরে ও চুনি দিয়ে তৈরি। সোনা দিয়ে তৈরি বিশেষ অলঙ্কারও দেখা যাচ্ছে পায়ে, রয়েছে পায়ে ব্যবহারের আংটি। রামলালার মূর্তির বাঁ হাতে রয়েছে সোনার ধনুক। যাতে রয়েছে মুক্তো, চুনি ও পান্না। ডান হাতে রয়েছে সোনার তৈরি তির। হস্তশিল্পীদের তৈরি ফুলের মালাও রয়েছে ঘাড়ের কাছে।
রামলালার কপালে রয়েছে ঐতিহ্যশালী তিলক। যা হিরে ও চুনি দিয়ে প্রস্তুত করা হয়েছে। পাদপদ্মেও রয়েছে সোনার মালা। যেহেতু পাঁচ বছরের বালক রামকে তুলে ধরা হয়েছে রামলালার এই নতুন মূর্তিতে, সে কথা মাথায় রেখে ঐতিহ্যবাহী রুপোর তৈরি খেলনাও রাখা হয়েছে। যাতে রয়েছে ঝুমঝুমি, হাতি, ঘোড়া, উট, খেলনা গাড়ি, লাটিম। মূর্তির উপরে রয়েছে সোনার ছাতাও। মূর্তিটি বসানো হয়েছে সোনা দিয়ে নির্মিত সিংহাসনে।












Click it and Unblock the Notifications