Ram Mandir: অযোধ্যায় রাম মন্দিরের মহাপ্রসাদে কী থাকছে? অতিথি আপ্যায়নে বিপুল আয়োজন
Ram Mandir: রাত পোহালেই রাম মন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য চলছে কাউন্টডাউন। দেশ-বিদেশের অতিথি, অভ্যাগতরা ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছেন। সংখ্যাটা অন্তত ৬ হাজার বলেই জানা যাচ্ছে।
ভিআইপিদের জন্য থাকছে মহাপ্রসাদের বন্দোবস্ত। জানা যাচ্ছে, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট আপাতত ২০ হাজার প্যাকেট মহাপ্রসাদ বিতরণের প্রস্তুতি সেরে রেখেছে।

মহাপ্রসাদ তৈরি হয়েছে শুদ্ধ ঘি, পাঁচ রকমের ড্রাই ফ্রুট, চিনি ও বেসন-সহযোগে। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শেষ হলেই অতিথি, অভ্যাগতদের হাতে তুলে দেওয়া হবে মহাপ্রসাদ। গুজরাতের ভাগওয়া সেনা ভারতী গর্বী এবং শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অধীনস্থ সন্ত সেবা সংস্থান মহাপ্রসাদ তৈরির দায়িত্ব পেয়েছে।
যে সাধুরা অযোধ্যায় পৌঁছেছেন তাঁদেরও থাকা ও খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে ট্রাস্টের তরফে। ৫ হাজার কেজির বেশি উপকরণ দিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয়েছে। ২০০ জন তা তৈরির দায়িত্বে কর্মরত ছিলেন। মহাপ্রসাদের শুদ্ধতা নিশ্চিত রাখতে ট্রাস্ট বিশেষ গুরুত্ব সহকারে তা তৈরি করেছে। বাজার থেকে কোনও উপকরণ কেনা হয়নি বলেও দাবি করা হচ্ছে ট্রাস্টের তরফে।
সনাতনী ঐতিহ্য মেনেই মহাপ্রসাদের প্যাকেটটি সাজানো হচ্ছে। থাকবে দুটি লাড্ডু, সরযূ নদীর জল, অক্ষত, সুপারি, কলাভা বা হাতে বাঁধার সুতো। জানা যাচ্ছে, প্রতিদিন উদাসীন আশ্রম রণপালিতে সমবেত হওয়া হাজার পাঁচেক সাধু-সন্তদের খাওয়া-দাওয়ার যাবতীয় বন্দোবস্ত করেছে ট্রাস্ট। তাঁদের কম্বল, বালিশ, বিছানার চাদরও দেওয়া হয়েছে।
যে অতিথিরা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত হবেন তাঁদের খাওয়া-দাওয়ার বন্দোবস্তও করা হয়েছে। শুঁটি, মিলেট-সহ পুরোপুরি নিরামিষ খাবার পরিবেশন করা হবে। বারাণসী ও দিল্লির রাঁধুনিরা এই খাবারগুলি বানাবেন। এর পাশাপাশি থাকছে থেপলা, বাদাম বরফি ও মটর কচুড়ি।












Click it and Unblock the Notifications