সংসদেও নাগরিক পঞ্জীকরণ ইস্যু! তৃণমূলের প্রতিবাদে মুলতুবি রাজ্যসভায়
অসমে জাতীয় নাগরিক পঞ্জীর খসড়া তালিকায় ৪০ লক্ষ বাসিন্দার নাম না থাকার বিষয়টি উঠে এল সংসদে। রাজ্যসভায় বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। যার জেরে রাজ্যসভা একদফা মুলতুবি করে দেন চেয়ারম্যান।
অসমে জাতীয় নাগরিক পঞ্জীর খসড়া তালিকায় ৪০ লক্ষ বাসিন্দার নাম না থাকার বিষয়টি উঠে এল সংসদে। রাজ্যসভায় বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। যার জেরে রাজ্যসভা একদফা মুলতুবি করে দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
|
রাজ্যসভায় প্রতিবাদ তৃণমূল সাংসদদের
অসমে এনআরসির খসড়ায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ায় বিষয়টি নিয়ে সংসদের ভিতরে ও বাইরে তাদের প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। রাজ্যসভার তৃণমূল সদস্য সুখেন্দুশেখর রায় প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন। ৪০ লক্ষ মানুষের ভবিষ্যত কী হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। চেয়ারম্যান বেঙ্গাইয়া নাইডু জানান, তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবৃতি দিতে অনুরোধ করেছেন। যদিও তাতেও চুপ করেননি সাংসদরা। বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদরা আলোচনার দাবি জানাতে থাকলে, রাজ্যসভা মুলতুবি করে দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।
|
লোকসভায়ও সরব তৃণমূল
অসমের নাগরিক পঞ্জীকরণ নিয়ে লোকসভায় তৃণমূলের তরফে বিষয়টি উত্থাপন করে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিপিএম সাংসদ মহম্মদ সেলিমও বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন।

কংগ্রেসের প্রতিবাদ
কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গে বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন লোকসভায়। অসমের কংগ্রেস সাংসদরা বিষয়টি নিয়ে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বিষয়টি নিয়ে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

রাজনাথ সিং-এর আশ্বাস
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পরে অবশ্য সংসদ সদস্য ও খসড়ায় নাম না থাকা অসমবাসীদের আশ্বস্ত করেন। তিনি বলেন আতঙ্কিত হওয়ার কিছুই নেই। মন্ত্রী জানান, এটা একটা খসড়া। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ফের নিয়ম মেনে আবেদন জানাতে পারবেন।












Click it and Unblock the Notifications