রাজ্যসভায় আজ পেশ হবে তিন তালাক বিরোধী বিল, মোদী সরকারের সামনে অগ্নিপরীক্ষা
এবার তিন তালাক বিরোধী বিল পেশ হতে চলেছে রাজ্যসভায়। মঙ্গলবার পেশ হওয়ার কথা থাকলেও তা একদিন পরে এদিন বুধবার পেশ হতে চলেছে।
লোকসভায় পাশের পর এবার তিন তালাক বিরোধী বিল পেশ হতে চলেছে রাজ্যসভায়। মঙ্গলবার পেশ হওয়ার কথা থাকলেও তা একদিন পরে এদিন বুধবার পেশ হতে চলেছে। সংসদের নিম্নকক্ষে একছত্র জোর থাকায় সহজেই বিল পাশ করিয়ে নিতে পেরেছে নরেন্দ্র মোদী সরকার। তবে উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধীদের হাত মজবুত রয়েছে। তাই সেখানে বিল পাশ করাতে বেগ পেতে হতে পারে।

বিলের খসড়া অনুযায়ী, স্ত্রীকে উদ্দেশ্য করে কোনও বিবাহিত মুসলমান পুরুষ মুখে তালাক তিনবার উচ্চারণ করলেই জেলে যেতে পারেন। তিন তালাক আইন পাশ হলে এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে যেকোনও পুরুষকে যখন-তখন গ্রেফতার করিয়ে দেওয়া যেতে পারে। এর বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা।
গত বছরের শেষে বৃহস্পতিবার লোকসভায় তিন তালাক বিল পাশ হয়েছে। সংসদের নিম্নকক্ষে বিজেপির ক্ষমতা একছত্র থাকায় আলোচনা, তর্ক-বিতর্ক হলেও বিজেপির বিল পাশ করাতে বিশেষ অসুবিধা হয়নি। তবে রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা এখনও হয়নি। কিছুটা কম রয়েছে। আর সেখানেই বিঘ্ন ঘটানোর সুযোগ রয়েছে বিরোধী দলগুলির কাছে।
এই বিল অনুযায়ী, তাৎক্ষণিক তালাক বা তিন তালাক বা তালাক-ই-বিদ্দত দিলে মুসলমান পুরুষকে তিন বছরের জন্য জেলের সাজা খাটতে হতে পারে। বিবাহ বিচ্ছেদের পর নাবালক-নাবালিকা সন্তানের দায়িত্ব সরাসরি মায়ের হাতে তুলে দেওয়া হবে।
তাৎক্ষণিক তালাক দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের পর জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হবে। যার সর্বোচ্চ সাজা তিন বছর হতে পারে। স্ত্রীকে তিন তালাক দিলে খোরপোশের দায়িত্বও স্বামীকে বহন করতে হবে। এমনকী সন্তানের ভরণপোষণের দায়িত্বও স্বামীকে নিতে হবে।
এদিন রাজ্যসভায় আলোচনার পরে রিভিউয়ের জন্য কোনওভাবে বিলটি যদি সংসদীয় কমিটির কাছে যায় তাহলে ধরে নেওয়া যায়, এই শীতকালীন অধিবেশনে বিল পাশ করাতে পারবে না সরকার। এদিকে ছয় মাসের মধ্যে বিল পাশ করিয়ে আইন তৈরির যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তা রাখা সম্ভব হবে না।












Click it and Unblock the Notifications