বিধায়কের আদেশ! রাজস্থানে বাড়ি বাড়ি ঘুরে 'মোষ' খুঁজল পুলিশ
কোটা, (রাজস্থান), ৭ জুলাই : কিছুদিন আগে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি নেতা আজম খান নিজের হারিয়ে যাওয়া মোষ পুলিশকে খুঁজতে বাধ্য করে খবরের শিরোনামে এসেছিলেন। এবার প্রায় একই ঘটনা ঘটল রাজস্থানে।
সেখানকার মেইনপুরী (সদর) এলাকার এক সমাজবাদী পার্টি বিধায়ক রাজকুমার যাদবও হারিয়ে যাওয়া মোষ খুঁজতে বাধ্য করলেন পুলিশকে। পুলিশও ঘেমে-নেয়ে এক হয়ে খুঁজে এনে দিল মোষ। পার্থক্য একটাই। রাজস্থানের বিধায়ক রাজকুমারের নিজের মোষ হারায়নি। অন্যের মোষ তিনি খুঁজিয়ে ছেড়েছেন নিজেরই করা ভুল শোধরাতে।

ঘটনা হল, রাজস্থানের কোটা এলাকা থেকে নিজের বিধানসভা কেন্দ্রে যাচ্ছিলেন রাজকুমার। পথে একটি ট্রাক তাঁর গাড়িকে ওভারটেক করে। এই ঘটনায় ক্ষিপ্ত বিধায়ক ট্রাকটিকে থামিয়ে তার মধ্য়ে থাকা ৩০ টি মোষকে ছেড়ে দেন রাস্তায়।
সুযোগ বুঝে মোষগুলি আশেপাশের গ্রামে পালিয়ে যায়। মোষের কোনও মালিককে না দেখে গ্রামবাসীরাও একেকটি মোষকে বাড়িতে নিয়ে চলে যান।
ট্রাকটির মালিক এই ঘটনায় ক্ষেপে গিয়ে বিধায়ক রাজকুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলে টনক নড়ে তাঁর। এরপর অগত্যা পুলিশকেই ডেকে এনে নির্দেশ, 'খুঁজে বের করতে হবে ট্রাক থেকে ছেড়ে দেওয়া ৩০টি মোষ।'
বিধায়কের নির্দেশ মতো এরপর মোষ খোঁজার অভিযানে নামে পুলিশ। বাড়ি বাড়ি খুঁজে মোষগুলির পায়ের কাছে লাগানো চিহ্ন দেখে সবকটিকে খুঁজে আনা হয়। সেখানকার মহুয়া পুলিশ স্টেশনের ইনস্পেক্টর মনোহর লাল ছিলেন গোটা অপারেশনের দায়িত্বে। কাজ শেষে তাঁর উপলব্ধি, "কাজটা অত্যন্ত কঠিন ছিল।"












Click it and Unblock the Notifications