Rajasthan Election Results 2023: রাজস্থানে ১১৫ আসনে জয় বিজেপির! শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন, বললেন গেহলট
Rajasthan Election Results 2023: শেষ পর্যন্ত রাজস্থানের ২০০ টি আসনের মধ্যে ১১৫ টিতে জয় পেল বিজেপি। কংগ্রেস পেয়েছে ৬৯ টি আসন। ভারত আদিবাসী পার্টি ও বহুজন সমাজ পার্টি পেয়েছে যথাক্রমে ৩ ও ২ টি আসন। নির্দলরা পেয়েছে আটটি আসন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন।
হেরে যাওয়ার পরে অশোক গেহলট জানিয়েছেন, কংগ্রেস রাজ্যে শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি রাজস্থান বিধানসভা নির্বাচনে জয়ী সব কংগ্রেস প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সবাই কংগ্রেসের নীতি ও আদর্শকে এগিয়ে নিযে যেতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন গেহলট। পাশাপাশি তিনি রাজস্থানের জনগণের স্বার্থরক্ষার আহ্বান জানিয়েছেন।

রাজস্থানের নির্বাচনে বিজেপির জয়ের পরে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা সচিন পাইলট। অন্যদিকে বিজেপির জয়ের পরে রাজ্যবাসীকে হৃদয়ের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। রাজস্থানের জয় প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টির জয় বলেও মন্তব্য করেছেন তিনি।
রাজস্থানের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদে বসুন্ধরা রাজের নাম উঠে আসছে। পাশাপাশি কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের নামও উঠে আসছে। রবিবার বন্ধুন্ধরা রাজে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যাবধানে ঝালরাপাটন আসন থেকে জয়লাভ করেছেন।
বালমুকুন্দ আচার্য, বাবা বালকনাথ, নারায়ণ পুরী এবং ওতারাম দেবাসীর মতো ধর্মীয় গুরুরা জয়ী হয়েছেন। তাঁরা সবাই বিজেপি প্রার্থী ছিলেন। জয়ের পরে এইসব প্রার্থীরা রাজ্যে অশোক গেহলটের অধীনে দুর্নীতি, খারাপ আইনশৃঙ্খলা এবং কেন্দ্রে নরেন্দ্র মোদীর সুশাসনকে দায়ী করেছেন।
রাজস্থানে বিজেপির এই জয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কল্যাণমূলক পরিকল্পনার কৌশল ব্যর্থ হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications