Rajasthan Election 2023: এক্সিট পোল নয় ভয় বিজেপির প্রচারকে! রাজস্থানে সরকার গঠন নিয়ে বড় দাবি গেহলটের
Rajasthan Assembly Election 2023: রাজস্থানে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে ২৫ নভেম্বর। ফলাফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর। ফল বেরনোর আগেই সরকার গঠনের দাবি করেছেন রাজস্থানের কংগ্রেসী মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এব্যাপারে তিনি এক্সিট পোলকে গুরুত্ব দিতে নারাজ। তিনি আরও বলেছেন, মানুষ বিজেপির ধর্ম কার্ড না গ্রহণ করলে সরকার তাদেরই।
রাজস্থানের মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন, নির্বাচনের সময় বিজেপি রাজ্য জুড়ে ধর্মের নামে ভীতি ছড়ানোর কাজ করে গিয়েছে। পাশাপাশি উত্তেজনাকর ভাষণও দিয়েছেন বিজেপির নেতারা। সেই পরিস্থিতিতে বিজেপির ধর্ম-কার্ড কাজ করলে ভিন্ন কথা। না হলে রাজ্যে কংগ্রেসের সরকার হবে বলে দাবি করেছেন তিনি। এদিন গেহলটের আরও দাবি শুধু রাজস্থান নয়, পাঁচ রাজ্যের কোনওটিতেই বিজেপিতে জিততে পারবে না।

অশোক গেহলট বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল কিংবা সরকার পরিবর্তণের প্রবণতাকে গুরুত্ব দিতে রাজি হননি। তিনি বলেছেন কংগ্রেস রাজ্যে ফের সরকার গঠন করবে। তিনি রাজ্যে মেরুকরণের জন্য বিজেপিকে অভিযুক্ত করেছেন। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচারে মেরুকরণের চেষ্টা চালিয়ে গিয়েছেন।
প্রসঙ্গত গত ত্রিশ বছর ধরে রাজস্থানে সরকার গঠনের প্রবণতা রয়েছে। ১৯৯৩ সালে রাজস্থানে জিতেছিল বিজেপি। ১৯৯৮ সালে কংগ্রেস সেখানে ক্ষমতায় আসে। আবার ২০০৩ সালে বিজেপি ক্ষমতা ফিরে পাস। এরপর ২০০৮-এ কংগ্রেস, ২০১৩-তে বিজেপি আর ২০১৮-তে ফের কংগ্রেস ক্ষমতা দখল করে।
এই পরিস্থিতিতে রাজস্থানে কংগ্রেসের ক্ষমতায় ফেরার দাবি নিয়ে বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন অশোক গেহলট। তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ঢেউ নেই। পাশাপাশি রাজ্যে কংগ্রেস উন্নয়নমূলক কাজে কোনও খামতি রাখেনি। বিজেপির ভোটাররাও একই কথা বলে, দাবি গেহলটের। এছাড়াও নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা যে ভাষা ব্যবহার করেছেন, তা জনগণের পছন্দ হয়নি।
এবার রাজস্থানে ২০০ টি আসনের মধ্যে ১৯৯ টি আসনে ভোট হয়েছে। একটি আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ২৫ নভেম্বরের নির্বাচনে রাজ্যে ভোট পড়েছে ৭৪.৯৬ শতাংশ। যা ২০১৮ সালের তুলনায় প্রায় এক শতাংশ বেশি।












Click it and Unblock the Notifications