Rajasthan Assembly Election: রাজস্থানের লড়াইয়ে ঝাঁপালেন আসাদউদ্দিন ওয়াইসি! লড়াইয়ে কার লাভ, কার ক্ষতি
বছরের শেষের দিকে রাজস্থানে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন বা এআইএমআইএম। রাজস্থান যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা ঘোষণা করেছেন আসাদউদ্দিন ওয়াইসি। এআইএমআইএম রাজস্থান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে কার লাভ আর কার ক্ষতি হবে, সেটাই বড় প্রশ্ন।
হায়দরাবাদ থেকে রাজস্থানে নির্বাচনের লড়াইয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন ওয়াইসি। তবে গত কয়েকমাস ধরে তিনি মাঝে মধ্যেই রাজস্থান সফর চালিয়ে যাচ্ছেন। জয়পুর, নবলগড়, ফতেপুরে জনসভা করে শক্তিপ্রদর্শন করেছেন। সেখানে মুসলিমদের সমস্যার কথাও তুলে ধরছেন।

ওয়াইসিকে বলতে শোনা গিয়েছে, সে জুনায়েদ হোক বা নাসিক, মজলিশ তাদের সাহায্য করবে, তাদের বিধবাদের সাহায্য করবে। মজলিশ পরিবারগুলির পাশে ছিল, আছে, থাকবে বলে জানিয়েছেন ওয়াইসি।
এদিকে ওয়াইসির রাজস্থানে ঝাঁপিয়ে পড়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, এই প্রক্রিয়ার রাজনৈতিক লাভ-ক্ষতি কার বেশি হবে, কিংবা কম হবে। কার ওপরে মুসলিম ভোটাররা আস্থা দেখাবেন সেই প্রশ্নও উঠছে। প্রসঙ্গত রাজস্থানে এমন ৮০ টি আসন রয়েছে, যেখানে মুসলিম ভোটারদের প্রভাব রয়েছে।
এআইএমআইএম-এর রাজ্য সভাপতি জানিয়েছেন, তারা ৩০-৪০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তাঁরা যেখানেই লড়াই করুন না কেন, পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন রাজ্য সভাপতি। কাউকে হারানোর জন্য তারা লড়াই করছেন না বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ করা প্রয়োজন যে রাজস্থানের যে ৪০ টি মুসলিম প্রভাবিত আসনে ওয়াইসি জোর দিচ্ছেন, তা রয়েছে কংগ্রেসের পক্ষে। এর মধ্যে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ২৯ টি আসন। সাতটি পেয়েছিল বিজেপি আর অন্যরা চারটি।
পরিসংখ্যান থেকে স্পষ্ট রাজস্থানের মুসলিম অধ্যুষিত এলাকায় কংগ্রেস বিপুল ভোট পেয়েছে। এখন মুসলিম ভোটাররা যদি ওয়াইসির প্রতি আস্থা দেখায় তাহলে কংগ্রেস সরাসরি ক্ষতির সম্মুখীন হবে। অবস্থা বুঝতে পেরেও কংগ্রস এআইএমআইএমের সম্ভাব্য চ্যালেঞ্জকে অস্বীকার করেছে।
কংগ্রেসের তরফে বলা হয়েছেস রাজস্থানে কোনও তৃতীয় পক্ষ নেই। বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসের। বিজেপির পরিকল্পনায় বি ও সি টিমকে দিয়ে ভোট কাটবে, কটাক্ষ করা হয়েছে কংগ্রেসের তরফে। অন্যদিকে বিজেপির তরফে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে। তারা বলছে ওয়াইসির চিন্তাভাবনার সঙ্গে বিজেপির মেলে না, মেলে কংগ্রেসের। তাই বিজেপি ও ওয়াইসির মধ্যে সমতা থাকতে পারে না।












Click it and Unblock the Notifications