Rajasthan Election 2023: কংগ্রেস তুষ্টিকরণের সীমা অতিক্রম করেছে! বুলডোজারের কথা বলতেই করতালি পেলেন যোগী
Rajasthan Assembly Election 2023: নির্বাচনী প্রচারে রাজস্থানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কেকরি বিধানসভা কেন্দ্র-সহ পাঁচটি সভা করেন। দলের নির্বাচনী সভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তিনি যখন নিজের রাজ্যে বুলডোজার চালানোর কথা উল্লেখ করেন, সেই সময় সভায় আসা লোকের প্রচুর হাতে তালি দেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন উত্তর প্রদেশে আগে মাফিয়া ছিল, তাদের জন্য বুলডোজার আনা হয়েছিল। ২০১৭ সালের আগে উত্তর প্রদেশে মাফিয়ারা শক্তিশালী ছিল বলে মন্তব্য করেন তিনি। আজ উত্তর প্রদেশের অবস্থা শান্ত বলে দাবি করেন তিনি। এই সময় মিটিংয়ে আসা লোকজন প্রচুর হাতেতালি দেন।

উত্তর প্রদেশে বুলডোজার চালিয়ে মাফিয়ারাজকে ঠান্ডা করার দাবি করেছেন যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, জনগণের কাছ থেকে যে অর্থ লুট করা হয়েছিল, তাও সরকারি কোষাগারে জমা রেখে দরিদ্রদের জন্য সরকারি আবাসন তৈরির কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রাজস্থানের অশোক গেহলট সরকারকে নিশানা করে যোগী আদিত্যনাথ বলেছেন, বিজেপি যখন উত্তর প্রদেশে ক্ষমতায় আসে, সেই সময় রাস্তায় অনেক জায়গায় খানাখন্দ ছিল। তবে এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যখন একটি দুর্নীতিগ্রস্ত সরকার থাকে, তখন সেখানে স্বজনপ্রীতি থাকতে বাধ্য।
তিনি কংগ্রেস সরকারকে নিশানা করে বলেছেন, এরা তুষ্টির সব সীমা অতিক্রম করেছে। তিনি বলেন, ২০২২ সালের জুনে উদয়পুরের দর্জি কানহাইয়া লালকে খুন করে দুই মুসলিম যুবক। সেই সময় দর্জির পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়। কিন্তু জয়পুরে মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষে মারা যাওয়া মুসলিমদের প্রত্যেকটে ২০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল।
আদিত্যনাথ বলেন, মুঘল যুগে পরাধীনতার প্রতীক স্থাপন করা হয়েছিল। অযোধ্যায় রাম মন্দির ভেঙে একটি বিতর্কিত কাঠামো তৈরি করা হয়েছিল। বিজেপি যখন তার প্রতিবাদ করে, কংগ্রেস সরকার নৃশংস অত্যাচার চালায়।
রাজস্থানে একটি রূপান্তরমূলক পরিবর্তন ঘটেছে বলে দাবি করে যোগী আদিত্যনাথ বলেছেন, পূর্ববর্তী বসুন্ধরা রাজে সরকারের সময় উন্নয়ন ঘটলেও, অশোক গেহলটের সময় কংগ্রেস সরকার অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। যে কারণে অগ্রগতিতে বাধা পড়ে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের রাজ্যে বুলডোজার চালানোর জন্য বেশি বিখ্যাত। জিরো টলারেন্স নীতি এবং অপরাধীদের বিরুদ্ধে বুলডোজারের পদক্ষেপের পরে কঠোর মুখ্যমন্ত্রী হিসেবে নিজের ইমেজকে তুলে ধরতে পেরেছেন।












Click it and Unblock the Notifications