Rajasthan Election 2023: দুর্নীতি-স্বজনপ্রীতি-তুষ্টিকে নিশানা! প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির আশ্বাস মোদীর
Rajasthan Assembly Election 2023: মঙ্গলবার রাজস্থানে প্রচারে গিয়ে প্রশ্ন ফাঁস ইস্যুতে রাজ্যের ক্ষমতাসীন অশোক গেহলট সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোটার সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি সরকার গঠন করলে প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের ছাত্রছাত্রীরা শিক্ষার উদ্দেশে কোটায় আসে। কিন্তু কংগ্রেস দল গত পাঁচ বছরে বারেবারে যুবকদের স্বপ্ন ধ্বংস করেছে। কংগ্রেস সব পরীক্ষার প্রশ্ন বিক্রি করেছে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের জেলে পাঠানো হবে। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস রাজ্যের ক্ষমতায় থাকলে আরও ক্ষতি হবে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের অনুমোদনে নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া প্রকাশ্যে সভা করছে। পুলিশ তাদের সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস সরকার যত বেশি সময় ক্ষমতায় থাকবে, রাজস্থানে তত বেশি ক্ষতি হবে।
कांग्रेस का पेपर लीक माफिया युवाओं के सपनों पर भारी पड़ गया।
— BJP (@BJP4India) November 21, 2023
इसलिए राजस्थान बेरोजगारी के मामले में देश में अग्रणी है।
लेकिन मैं आपको विश्वास दिलाता हूं कि परीक्षा के पेपर लूटकर जिसने भी अपने लॉकर भरे हैं, उसका लॉकर टूटेगा और वो लॉकअप में जाएगा।
ये भी मोदी की गारंटी है।
- पीएम… pic.twitter.com/6UG2SGcpch
প্রসঙ্গত সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যোগের অভিযোগ এবং আইএস-এর মতো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করে। প্রধানমন্ত্রী দাবি করেন, গেহলট সরকারের বিরুদ্ধে রাজস্থানের জনগণের তীব্র ক্ষোভ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তিনি রাজস্থানে কংগ্রেস সরকারের বিরুদ্ধে এত তীব্র ক্ষোভ এর আগে দেখেননি। তিনি দাবি করেন, রাজস্থানের যুবকরা কংগ্রেসের কাছ থেকে স্বাধীনতা চায়। রাজস্থানের মহিলা, কৃষক, ব্যবসায়ী, দোকানদার সবাই কংগ্রেসের কাছ থেকে স্বাধীনতা চায়।
রাজস্থানের বারান জেলায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের জনগণ কষ্ট পাচ্ছে কারণ শাসকদল তাদের ডাকাত, দাঙ্গাবাজ এবং অপরাধীদের হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, কংগ্রেস দুর্নীতি, স্বজনপ্রীতি ও তুষ্টির প্রতীক। যতদিন এই তিন শত্রু আমাদের মধ্যে থাকবে, ততদিন ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার সংকল্প পূরণ করা কঠিন হবে।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কংগ্রেসকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা বোন-কন্যাদের বিরুদ্ধে নৃশংসতা করেছে, তাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রীদের। তিনি বলেন, বিজেপির অগ্রাধিকার হল মহিলাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা।
প্রসঙ্গত ২৫ নভেম্বর রাজস্থান বিধানসভার নির্বাচন এবং ৩ ডিসেম্বর ভোট গণনা। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০ আসচনের মধ্যে ১৬৩ টি দখল করে সরকার গঠন করে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১০০ টি আসন পায় এবং বিজেপি পায় ৭৩ টি আসন। পরে বিএসপি ও নির্দল বিধায়কদের সমর্থনে সরকার গঠন করেন অশোক গেহলট।












Click it and Unblock the Notifications