Rajasthan Assembly Election 2023: অস্ত্র সাত প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি! কংগ্রেস সরকার হলেই গ্যারান্টি শিবির
Rajasthan Assembly Election 2023: গত ৩০ বছর কোনও দল রাজস্থানে পরপর দু'বার ক্ষমতায় থাকেনি। সেক্ষেত্রে এবার জেতার পালা বিজেপির। কিন্তু কংগ্রেসের দাবি তারাই ফিরবে ক্ষমতায়। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, কংগ্রেস জনগণের জন্য ঘোষিত সাতটি প্রাক নির্বাচনী প্রতিশ্রুতির ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জয়ী হবে।
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিজেপি এবারের নির্বাচনের জন্য অ্যাজেন্ডা নির্ধারণ করতে পারেনি। বিরোধী দল অন্তর্দ্বন্দ্বের সঙ্গে লড়াই করছে বলে জানিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে কথা বলার সময় গেহলট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন। প্রসঙ্গত নাগৌরে মঙ্গলবার তিনটি সমাবেশ করেন অমিত শাহ। সেইসব জায়গায় অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্যা নিয়ে অবগত নন।

গেহলট বলেছেন, রাজ্যের জনগণকে সাতটি প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ২৫ নভেমব্র ভোটের পরে কংগ্রেস সরকার গঠিত হলে গ্যারান্টি শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেছেন, রাজস্থান জুড়ে এক হাজার গ্যারান্টি ক্যাম্প স্থাপন করা হবে। আর দল সরকার গঠন করলে দু'কোটি মানুষের কাছে পৌঁছনো হবে। দলের নির্বাচনী ইস্তেহারে আরও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
রাজস্থানে কংগ্রেসের সাত গ্যারান্টি/ প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি
- পরিবারের মহিলা প্রধানকে বার্ষিক ১০ হাজার টাকা সাম্মানিক
- ১.০৫ কোটি পরিবারকে ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার
- গবাদি পশুপালকদের কাছ থেকে ২ টাকা কেজি দরে গোবর কেনা
- সরকারি কর্মীদের জন্য পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা
- সরকারি কলেজে ভর্তি হওয়া ছাত্রদের ল্যাপটপ বা ট্যাবলেট
- প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার কভার
- ইংরেজি মাধ্যমে স্কুলের শিক্ষা
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বিজেপির বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, নির্বাচনী প্রচার রাজস্থানের ইস্যুতে কেন্দ্রীভূত হবে। রাজ্যে সাম্প্রতিক ইডির অভিযান নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন অশোক গেহলট। তাঁর অভিযোগ মোদী সরকার রাজনৈতিক ফায়দা নিতে কংগ্রেসের কিছু নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে। অশোক গেহলট বলেছেন, ওদের ইডি রয়েছে, আর কংগ্রেসের সাত গ্যারান্টি রয়েছে।
কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্যের জন্য জয়পুরের ঝোটওয়ারা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রাজ্যবর্ধন সিং রাঠোরকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত রাঠোর বলেছিলেন, তিনি নির্বাচনী এলাকায় প্রচার করতে পারছেন না। পাশাপাশি তিনি সম্প্রতি কংগ্রেস নেতৃত্বকে দেশবিরোধী ও স্বার্থপর বলেও অভিহিত করেছিলেন।
কংগ্রেসের তরফে সাত প্রতিশ্রুতি সম্পর্কে মানুষকে সচেতন করতে গ্যারান্টি যাত্রা শুরু করা হয়েছে রাজস্থানে। মালভিয়া নগরে অর্চনা শর্মা-সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীরা এই যাত্রায় অংশ নেন। ২৫ নভেম্বরের আগে সবকটি জেলাতেই এই যাত্রা বের করবে কংগ্রেস।












Click it and Unblock the Notifications