Rainy season 2023: বর্ষার নতুন প্যাটার্ন চালু হয়েছে দেশে! ভারতের ৮০ শতাংশে ছেয়েছে মৌসুমী বায়ু
বর্ষা নতুন প্যাটার্ন এবার দেখা যাচ্ছে দেশে! একইসঙ্গে ভারতের ৮০ শতাংশ এলাকায় ছেয়েছে মৌসুমী বায়ু। একসঙ্গে ভিজছে দেশের ৮০ শতাংশ এলাকা। এই বর্ষার সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে মৌসুমি বায়ু দ্রুত দেশের বিভিন্ন স্থানে পৌঁছে গিয়েছে।
এবার বিলম্বিত বর্ষা। কেরলে বর্ষা এবার দেরিতে প্রবেশ করে। প্রায় দু-সপ্তাহ দেরি করে মৌসুমি বায়ু প্রবেশ করায় দেরিতে শুরু হয়েছে বৃষ্টি। এ বছরের বর্ষা এখন পর্যন্ত ভারতের ৮০ শতাংশে জায়গায় পৌঁছে গিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের সিনিয়র বিজ্ঞানী ড. নরেশ কুমার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর গতিবিধি জানিয়েছেন।

ড. নরেশ কুমার জানান, রবিবার বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। তার ফলে মৌসুমি বায়ু দ্রুত দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়। রবিবারই একই দিনে দিল্লি ও মুম্বইতে বর্ষা এসে পৌঁছেছে। ৬২ বছর পর এমন ঘটনা ঘটেছে বলে তিনি জানান। সেইসঙ্গে তিনি বলেন, একইসঙ্গে ৮০ শতাংশ এলাকায় বর্ষাও নতুন প্যাটার্ন এবার।
ড. নরেশ কুমার জানান, বর্ষা মুম্বই ও দিল্লিতে পৌঁছানোর সাধারণ তারিখ যথাক্রমে ১১ জুন ও ২৭ জুন। কিন্তু এবার একই দিনে দেশের দুটি মেট্রো শহরে পৌঁছেছে বর্ষা। এটি সরাসরি জলবায়ু পরিবর্তনের জন্য ঘটল, তা বলা যাবে না। কারণ তা নির্ধারণ করতে ৩০ থেকে ৪০ বছরের ডেটা লাগে।

তিনি বলেন, সাধারণত বর্ষা একটি নিম্নচাপ অঞ্চল দ্বারা সক্রিয় হয়। নিম্নচাপ অঞ্চলের কারণে সৃষ্ট উচ্চগতির বাতাসের ফলে বর্ষা দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাঁর ব্যাখ্যা, আরব সাগর থেকে পশ্চিমী বাতাস ধাক্কা দেয়। আর মৌসুমি বায়ু মহারাষ্ট্রের উপর দিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায়।
আবহাওয়া বিজ্ঞানী জানান, মৌসুমি বায়ু মহারাষ্ট্রের উপর দিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাওয়ার কারণে মুম্বই-সহ মহারাষ্ট্রে বৃষ্টিপাত হয়। একই সময়ে নিম্নচাপ অঞ্চলটি বাতাসকে উত্তর-পশ্চিম ভারতের দিকেও ঠেলে দেয়। তার ফলে দিল্লিতেও বৃষ্টি শুরু হয়।

এদিকে অসমের উপর থেকে মেঘ সরে গেছে। রুদ্রপ্রয়াগ ও উত্তরাখণ্ডের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বৃষ্টিপাতের পর দেশের বেশ কয়েকটি শহরে ভারী বৃষ্টিপাত এবং বন্যার মতো পরিস্থিতি দেখা গেছে।
আইএমডি সোমবার পাঞ্জাব ও হরিয়ানায় ভারী বৃষ্টি, বজ্র-বিদ্যুৎসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী দু-দিন। আকস্মিক বন্যা দেখা দিয়েছে হিমাচল প্রদেশের মান্ডি জেলায়। ২০০ জনেরও বেশি পর্যটক ও সাধারণ মানুষ আটকে পড়েছে।












Click it and Unblock the Notifications