Weather News: ঊর্ধ্বমুখী তাপমাত্রার মধ্যেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা! জারি হলুদ সতর্কতা, একনজরে আবহাওয়া
দেশের বিস্তীর্ণ অংশ থেকে শীত বিদায় নিয়ে তাপমাত্রা ওপরের দিকে ছুটছে। তার মধ্যেও কোনও কোনও জায়গায় চলছে বৃষ্টি। এমন কী ভারী বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ঊর্ধমুখী। বাদ যাচ্ছে না পশ্চিম কিংবা দক্ষিণ ভারতের অংশও। তবে এরই মধ্যে কোথাও কোথাও বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। নতুন করে আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই পরিস্থিতি তৈরি হতে চলেছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা
উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশের ওপরে অক্ষরেখা হিসেবে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এর প্রভাবে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাজ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপট
অন্যদিকে ২৮ ফেব্রুয়ারি নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা জায়গা করে নিতে চলেছে পশ্চিম হিমালয় এবং সংলগ্ন সমতলে। এর প্রভাবে বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম হিমালয় অঞ্চলে। এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যে। ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যে পঞ্জাবে বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। হরিয়ানা ও চণ্ডীগড়ে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১ ও ২ মার্চ।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ভারী তুষারপাত
কাশ্মীর উপত্যকা এবং হিমাচল প্রদেশে ভারী তুষারপাত হতে পারে ১ মার্চ নাগাদ। অন্যদিকে ১ ও ২ মার্চ নাগাদ বজ্রবিদ্যুতের পরিস্থিতি তৈরি হতে পারে জম্মু ও কাশ্মীরে। হিমাচল প্রদেশ এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ। ১ ও ২ মার্চ বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ডে। ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চে পঞ্জাবে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হরিয়ানা ও চণ্ডীগড়ে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১ মার্চ।
আবহাওয়া দফতরের তরফ থেকে মান্ডি, ছাম্বা, কাংড়া, কুল্লু, সিমলা এবং লাহুল ও স্পীতিতে ১ মার্চ ভারী বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বজ্রপাতের কারণে এইসব জায়গায় ২৮ ফেব্রুয়ারিও সতর্কতা জারি করা হয়েছে।

বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন বৃষ্টিপাত
আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম ও অরুণাচল প্রদেশে। পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি
আগামী ৪৮ ঘন্টায় পঞ্জাব, হরিয়ানা এবং গুজরাতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, এই সময়সীমার পরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। আগামী পাঁচ দিন দেশের বাকি অংশে সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications