উত্তরপ্রদেশে আকাশ থেকে টাকার বৃষ্টি, কী ঘটনা ঘটেছে সিদ্ধার্থনগরে!
বরযাত্রী এলে পুষ্পবৃষ্টির কথা শোনা যায়। রাজা রাজদের আমলে বিবাহ আসরে উপর থেকে গোলাপের পাপড়ি পড়তেও শোনা গিয়েছে। কিন্তু এ যেন সব কিছুকে ছাপিয়ে গেল। উপর থেকে পড়তে থাকল একের পর এক নোট। অতিথিদের অভ্যর্থনায় এভাবেই নোটের বৃষ্টি দেখা গেল।
এই টাকা খেলনা নয়। আসল টাকা। বিভিন্ন বাড়ির ছাদ থেকে সেই টাকা ওড়ানো হয়েছে বিয়ে উপলক্ষে। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ জেলার সিদ্ধার্থনগরের একটি বিয়ের অনুষ্ঠানে। সেই ঘটনার একাধিক ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা বিচার করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

টাকার অঙ্ক চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। শ'খানেক বা হাজার খানেক টাকা নয়। লক্ষ লক্ষ টাকা। শোনা গিয়েছে, ২০ লক্ষ টাকার বান্ডিল বান্ডিল নোট ওড়ানো হয়েছে বিয়ে উপলক্ষ্যে। বরযাত্রীরা সেখানে যাচ্ছিলেন। বরপক্ষের লোকেরাই এই টাকা ছড়িয়েছে বলে খবর।
পাত্রীপক্ষের বাড়ির কাছাকাছি আসার পর বরযাত্রীরা ছড়িয়েছিটিয়ে যান। আশেপাশের বাড়ির ছাদে তারা উঠে পড়েন। এমনকী জেসিপির উপরেও উঠতে দেখা যায়। তারপর সেখান থেকেই নোট ওড়াতে শুরু করেন তারা।
এই ঘটনায় হতবাক হন এলাকার অন্যান্য বাসিন্দারা। ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট বৃষ্টির আকারে উপর থেকে পড়তে থাকে। সেই টাকা নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের একটা অংশের মধ্যে হুড়োহুড়ি পর্যন্ত পড়ে যায়। রীতিমতো যুদ্ধ করে সেই টাকা সংগ্রহ করতে দেখা যায় ভিডিওতে।
ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কিছু নেটিজেন ঘটনার সমালোচনা করেছেন। অনেকেই সাধারণ নিম্নবিত্তদের মধ্যে সেই টাকা বিলির পরামর্শ দিয়েছেন। অনেকে আবার আয়কর দফতরে ফোন করার কথা বলেছেন মজা করে।












Click it and Unblock the Notifications