রেলে আগুন লাগানোর জের, পরীক্ষাই বাতিল করে দিল রেল
রেলে আগুন লাগানোর জের, পরীক্ষাই বাতিল করে দিল রেল
এনটিপিসি পরীক্ষা বাতিলিই করে দিল রেল। পরীক্ষা পদ্ধতিতে গোলযোগের অভিযোগ তুলে ট্রেনে আগুন ধরিয়ে দেন পরীক্ষার্থীরা। তার জেরে পরীক্ষা বাতিল করে দিল রেল। বুধবার ন্যাশনাল ট্রান্সপোর্টারের মুখপাত্র এমনটাই জানিয়ে দিয়েছেন।

একটি কমিটি তৈরি করা হয়েছে রেলের তরফে। এই কমিটি রেলের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের পরীক্ষায় যারা পাশ করেছেন এবং যারা অকৃতকার্য হয়েছেন সবার থেকেই জানবেন তাঁদের কোনও নিয়োগ নিয়ে অভিযোগ আছে কি না। দুই পক্ষের বক্তব্য শুনে ওই কমিটি রেলমন্ত্রককে রিপোর্ট জমা দেবে। মঙ্গলবারই রেল নোটিস দিয়ে জানিয়েছিল , যারা ট্রেনে আগুন ধরিয়েছেন , রেলের সম্পত্তি নষ্ট করার ঘটনার সঙ্গে যুক্ত থাকবেন তারা যাতে কোনওভাবে রেলের চাকরি না পায় সেই ব্যবস্থা রেল করবে। রেলের তরফে এও জানানো হয়েছে যে, সিসিটিভি এবং ভিডিও ক্যামেরার মাধ্যমে ওই আন্দোলনকারীদের চিহ্নিত করা হবে। এদিকে ইতিমধ্যেই ৫০০ অজ্ঞাতপরিচয় ছাত্রদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদের রাজেন্দ্র নগর টার্মিনালে ট্রেন থামিয়ে পাথর ছোঁড়ার জন্য এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এইসব ছাত্রদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা তো করা হয়েছেই, তার পাশাপাশি সরকারি কাজে বাধা দেওয়া এবং ঢিল ছুড়ে পুলিশকে আক্রমণ করার অভিযোগও আনা হয়েছে। এই পরীক্ষা নিয়ে বিহারে বেশ কিছুদিন ধরেই এমন ঘটনা ঘটেই চলেছে। ইতিমধ্যেই এই ঘটনার যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া চার জনকে কাঁকরবাগ থানায় নিয়ে আসা হয়েছেসোমবার রাতেই। অজ্ঞাতপরিচয় ছাত্রদের চিহ্নিতকরণের কাজ চলছে ভিডিও ফুটেজ এবং স্টেশনের সিসিটিভি রেকর্ডিং দেখে। ধৃতদের জেরা করছে রেল। এমনটাই জানিয়েছে রেল।
প্রসঙ্গত, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে মঙ্গলবার চাকরি প্রার্থীরা ব্যাপক বিক্ষোভ দেখায়। বিক্ষোভ ক্রমে তীব্র আকার ধারণ করে। দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিহারের নওয়াদা, বিহারশরিফ, আরা, বক্সার, মুজাফফরপুর, ভবুয়া এবং সীতামারহায়। বহুক্ষণ ধরে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়।বিক্ষোভ হয় ছাপড়া, পাটনা, সমস্তিপুরেও । সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাওয়াদায়। আগুন লাগিয়ে দেওয়া হয় একটি প্যাসেঞ্জার ট্রেনে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই রেলের এই সিদ্ধান্ত।












Click it and Unblock the Notifications