বাজেটের আগেই বাড়ল রেলের ভাড়া

আরও পড়ুন: জটিলতার কারণে মাঝরাত থেকে কার্যকর নয় বর্ধিত রেলভাড়া, হবে ২৫ জুন থেকে
এ দিন দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন রেলমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া এবং রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অরুণেন্দ্র কুমার। এসি শ্রেণীতে ভাড়া বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রীর আপত্তি ছিল না। কিন্তু স্লিপার ও সাধারণ শ্রেণীতে ভাড়া বাড়ানোর বিরুদ্ধে মত দেন তিনি। এ ব্যাপারে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অরুণেন্দ্র কুমার তাঁকে দীর্ঘক্ষণ বোঝান, রেলের কতটা বেহাল দশা! তিনি বলেন, ভাড়া না বাড়ায় রোজ রেলের ৩০ কোটি টাকা লোকসান হচ্ছে। রেলের অপারেটিং রেশিও অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় ক্রমশ বাড়ছে। ২০১২-১৩ সালে মোট আয়ের ৮৭.৮০ শতাংশ খরচ হত শুধু বেতন, পেনশন, ইঞ্জিনের জ্বালানি, বিদ্যুৎ খরচ ইত্যাদি বাবদ। সেটা ২০১৩-১৪ সালে বেড়ে হয় ৯০.৮০ শতাংশ। ফলে যে টাকা পড়ে থাকছে, তা দিয়ে নতুন রেললাইন পাতার কাজ, বিভিন্ন পরিষেবা ঠিকঠাকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই পরিস্থিতিতে ভাড়া বাড়ালে খুব শীঘ্রই রেল দেউলিয়া হয়ে যাবে। এই যুক্তি শোনার পর সব শ্রেণীতে ভাড়া বাড়ানোর পক্ষে মত দেন প্রধানমন্ত্রী। ৯ জুলাই রেল বাজেট পেশ হবে। তার আগেই ভাড়া বাড়ানোর পক্ষে মত দিলেন তিনি।
এসি থেকে স্লিপার ক্লাস, সব ক্ষেত্রেই ভাড়া বাড়ল ১৪.২ শতাংশ হারে
ভাড়া বৃদ্ধির হার খতিয়ে দেখে বোঝা যাচ্ছে যে, হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে এসি থ্রি-টিয়ারে ভাড়া পড়বে ২১৮৬ টাকা। আগে তা ছিল ১৯১৫ টাকা। টু-টিয়ারে ভাড়া হবে ৩০০৯ টাকা। আগে ছিল ২৬৩৫ টাকা। এসি ফার্স্ট ক্লাসে ভাড়া ছিল ৪৩৯০ টাকা। বেড়ে হল ৫০১৩ টাকা।
ভাড়া বাড়ায় অবধারিতভাবে তোপের মুখে পড়েছে কেন্দ্র। কংগ্রেসের তরফে অজয় মাকেন বলেন, "বিরোধী শিবিরে থাকার সময় নরেন্দ্র মোদী নিজে ভাড়া বাড়ানোর বিরোধিতা করে টুইট করেছিলেন। এখন সরকারে এসে সে কথা বেমালুম ভুলে গিয়েছেন।" কংগ্রেস নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী মল্লিকার্জুন খারগে বলেছেন, এই সিদ্ধান্তে জনগণের ওপর বোঝা চাপবে। সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।
লালুপ্রসাদ যাদব বলেন, "ক্ষমতায় আসার আগে বিজেপি বলেছিল, সুদিন আসছে। এ বার দুর্দিন এল।" সিপিএমের তরফে মহম্মদ সেলিম বলেন, "নরেন্দ্র মোদী বলেছিলেন, সুদিন আসবে। এই সুদিন সাধারণ মানুষের নয়। আম্বানি, আদানি, টাটাদের সুদিন।"
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, "এটা জনবিরোধী সিদ্ধান্ত। আমরা এর প্রতিবাদ করব। সাধারণ মানুষের ওপর বোঝা চাপুক, কখনওই চাই না।"












Click it and Unblock the Notifications