হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের জের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রেল সেতু
প্রবল বৃষ্টিপাতের জেরে হিমাচল প্রদেশের কাংড়া জেলার চাক্কি সেতুটি ভেঙে পড়েছে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, চকি নদীর ওপর রেল সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। এছাড়া হিমাচল প্রদেশের একাধিক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টিপাত শুরু হয়েছে। যার জেরে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে।

হিমাচলপ্রদেশে মেঘ ভাঙা বৃষ্টি
শনিবার ধর্মশালায় মেঘভাঙা বৃষ্টিপাতের ফলে একাধিক জায়গা থেকে ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে। শনিবার হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় হড়পা বান দেখা দিয়েছে। যার ফলে এলাকায় একাধিক বাড়ি, দোকানে বন্যার জল প্রবেশ করেছে। বাসিন্দারা আটকে পড়েছে। যান চলাচল ব্যাহত হয়েছে। মাণ্ডি জেলার বলহ, সদর, থুনগ, মাণ্ডি, লামাথাচ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রবল বৃষ্টিপাতের জেরে কাংলা, কুল্লু, মাণ্ডি জেলায় সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, কাংড়া, চাম্বা, বিলাসপুর, সিরমাউর, মাণ্ডি জেলায় বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় ও পর্যটকদের নদীর কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, হিমাচল প্রদেশের বিপর্যয় বিভাগ, ২৫ অগস্ট পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের জেরে রাজ্যজুড়ে ভূমিধসের সতর্কতা জারি করেছে।

উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টি
উত্তরাখণ্ডে দেহরাদুন জেলার একটি গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। শনিবার ভোর রাত থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। রায়পুর ব্লকের সরখেত গ্রাম মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধারকাজ শুরু হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, গ্রামে আটকে পড়া সকল বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই নিকটবর্তী রিসর্টে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, প্রবল বৃষ্টির জেরে দেহরাদুনে তপকেশ্বর মহাদেব মন্দিরের কাছে তমসা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। যার জেরে বৈষ্ণো দেবী গুহা মন্দির ও তপকেশ্বর মন্দিরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি বলেই তপকেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত জানিয়েছেন।

কাটরায় হড়পা বান
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে ভারি বৃষ্টিপাতের জেরে কাটরা শহরে হড়পা বান দেখা দিয়েছে। যার জেরে ত্রিকুট পাহাড়ের ঢালে বৈষ্ণো দেবী মন্দিরের দিকে যাত্রা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বৈষ্ণো দেবী মন্দিরের দিকে যেতে দেওয়া হচ্ছে না। তবে মন্দির থেকে পুন্যার্থীরা নিচে নেমে আসতে পারছেন। ইতিমধ্যে পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications