লখিমপুর খিরি ঘটনার জেরে রেল রোকো আন্দোলন কৃষকদের, ১৪৪ ধারা জারি লখনউতে
লখিমপুর খিরি ঘটনার জেরে রেল রোকো আন্দোলন
লখিমপুর খিরির ঘটনা ক্রমশঃঅন্যরকম রূপ নিতে শুরু করেছে। এই ঘটনার জেরে অভিযুক্ত আশিষ মিশ্র গ্রেফতার হলেও উত্তেজনার পারদ এখনও শান্ত হয়নি। সোমবার লখিরপুর খিরির ঘটনায় যুক্ত থাকায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে গ্রেফতারের দাবি নিয়ে কৃষকরা রেল রোকো আন্দোলনের আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই কৃষকরা যাতে জমায়েত হতে না পারে সে কারণে লখনউতে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছে।

নির্দেশে লখনউ পুলিশ কমিশনার জানিয়েছেন যে দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। লখনউতে কৃষক সংগঠনের নেতাদের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। লখনউ পুলিশ জানিয়েছে যে স্বাভাবিকতা ব্যাহত করার চেষ্টা করা হলে কড়া জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে।
কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে অনড় কৃষক সংগঠনের সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে বলা হয় যে সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত সব ট্রেন, ট্রাফিক স্তব্ধ করে দেওয়া হবে।সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে বলা হয়, 'স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ ও গ্রেফতারের দাবি নিয়ে চাপ সৃষ্টি করার জন্য সংযুক্ত কিষাণ মোর্চা দেশজুড়ে রেল রোকো কার্যক্রমের ঘোষণা করেছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে লখিমপুর খিরির জন্য বিচারের দাবি করা হবে। এসকেএম এই রেল রোকো আন্দোলন খুবই শান্তিপূর্ণভাবে করা হবে, কোনও অশান্তি ও রেলের সম্পত্তি ভাঙচুর না করে।’
লখিমপুর খিরিতে গত ৩ অক্টোবর কৃষকদের প্রতিবাদকে ঘিরে ধুন্ধুমার উত্তেজনার সৃষ্টি হয়। চার কৃষক সহ আটজনের মৃত্যু হয়। এরপর আরও উত্তাল হয়ে ওঠে লখিমপুর খিরি। কৃষকদের সংগঠন দাবি করে যে গাড়িটি কৃষকদের পিষে মেরে ফেলেছে সেই গাড়ির মধ্যে ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ। তবে এই ঘটনায় পুলিশ বেশ কিছুদিন উদাসীনতা দেখালেও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে গত ৯ অক্টোবর আশিষ মিশ্র গ্রেফতার হয়। যদিও আশিষ জানিয়েছে যে ঘটনার সময় সে গাড়ির মধ্যে ছিল না। লখিমপুর খিরি নিয়ে দ্বিতীয় এফআইআরে বলা হয় যে প্রতিবাদী কৃষকদের মধ্যে বেশ কিছু কৃষক বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করে। যার জন্য এক সাংবাদিক সহ তিনজন বিজেপি কর্মী মারা যান। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তের জন্য উত্তরপ্রদেশ পুলিশ সিট গঠন করেছে। যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হতে পারে।












Click it and Unblock the Notifications